শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৮

সুখ ও আনন্দ এক নয়, তবু আমরা গুলিয়ে ফেলি!

প্রবীণ জীবনে সুখের সন্ধান কোথায়?

অনলাইন ডেস্ক
প্রবীণ জীবনে সুখের সন্ধান কোথায়?

পৃথিবীতে সুখ ও আনন্দের মধ্যে পার্থক্য বুঝতে পারা এবং সেই উপলব্ধির আলোকে নিজের জীবনকে সাজিয়ে নিতে পারা মানুষের সংখ্যা খুব বেশি নয়। অধিকাংশ মানুষ সুখ ও আনন্দকে প্রায় একই অর্থে ব্যবহার করেন। অথচ দুটি বিষয় এক নয়। আনন্দ সাধারণত কোনো ঘটনা, প্রাপ্তি কিংবা উপভোগের মধ্য দিয়ে আসে। অন্যদিকে সুখ অনেক বেশি গভীর, স্থায়ী এবং অনুভূতিনির্ভর একটি বিষয়। আনন্দের জন্য অনেক সময় অর্থের প্রয়োজন হয়, কিন্তু সুখের জন্য সব সময় অর্থের প্রয়োজন পড়ে না।

আমার বিবেচনায় সুখ মূলত একটি অবস্তুগত অনুভূতি। মানুষের জীবনে সুখের অন্যতম উৎস হলো পরিবার, বন্ধু ও আত্মীয়স্বজনের আন্তরিকতা। প্রিয় মানুষের ভালোবাসা, সম্মান, সহযোগিতা এবং বিপদের সময় পাশে থাকার নিশ্চয়তা মানুষকে গভীরভাবে সুখী করে। জীবনে অনেক অর্থসম্পদ থাকার পরও কেউ কেউ একাকিত্বে ভোগেন। আবার সীমিত সামথের্যর মধ্যেও পারিবারিক ভালোবাসা ও আন্তরিক সম্পর্কের কারণে অনেকে সুখী জীবন যাপন করেন।

সুখের আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো নিজের কাজ নিজে করার সক্ষমতা। দৈনন্দিন জীবনের ছোটখাটো কাজের জন্য অন্যের ওপর নির্ভরশীল না হওয়া মানুষের আত্মমর্যাদা ও আত্মতৃপ্তি বাড়ায়। বিশেষ করে প্রবীণ বয়সে নিজের খাবার তৈরি করা, পোশাক নির্বাচন করা, বাইরে যাওয়া কিংবা প্রয়োজনীয় কাজগুলো নিজের মতো করে করতে পারা অনেক বড় প্রাপ্তি।

নিজের জীবনের বিষয়ে নিজে সিদ্ধান্ত নিতে পারাও সুখের একটি বড় উৎস। অন্যের চাপ, অনুরোধ কিংবা আগ্রহের কারণে নিজের ইচ্ছা ও পছন্দকে বারবার উপেক্ষা করতে হলে মানুষের মধ্যে অসন্তুষ্টি তৈরি হয়। অবশ্য পারিবারিক ও সামাজিক জীবনে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কিন্তু নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের অধিকার ও স্বাধীনতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। নিজের পছন্দের জীবন যাপন করতে পারার মধ্যে যে তৃপ্তি রয়েছে, তা অনেক বস্তুগত প্রাপ্তির চেয়েও মূল্যবান।

গবেষণায় দেখা যায়, নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা, আত্মসম্মান এবং আত্মবিশ্বাস মানুষের জীবনসন্তুষ্টির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নিজের সামথর্য ও সীমাবদ্ধতাকে মেনে নিয়ে নিজেকে সম্মান করতে পারলে মানুষ সাধারণত জীবন নিয়ে বেশি সন্তুষ্ট থাকেন। নিজের প্রতি ভালো ধারণা যত দৃঢ় হয়, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার মানসিক শক্তিও তত বাড়ে। আত্মবিশ্বাস সুখের নিশ্চয়তা নয়, তবে ভালো থাকা ও জীবন নিয়ে সন্তুষ্ট থাকার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আত্মবিশ্বাস বাড়ানোর জন্য খুব বড় কিছু করার প্রয়োজন নেই। প্রথমে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে নিজের সামথের্যর ওপর বিশ্বাস তৈরি হবে। শরীর ও মনের যত্ন নিতে হবে, প্রতিটি কাজ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং ছোট-বড় সব সফলতাকে উদযাপন করতে শিখতে হবে। মনে রাখতে হবে, অন্যের সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজের গতকালের অবস্থান থেকে আজ একটু ভালো হওয়াই জীবনের বড় অর্জন।

অন্যদিকে আনন্দের সঙ্গে বস্তুগত প্রাপ্তি ও উপভোগের সম্পর্ক তুলনামূলকভাবে বেশি। ভালো খাবার, উন্নতমানের পোশাক, জামা-জুতা, চশমা, ঘড়ি, গাড়ি কিংবা পছন্দের কোনো জিনিস কেনার মধ্যে মানুষ আনন্দ খুঁজে পান। দামি হোটেলে থাকা, সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়া, পাহাড়-পর্বত দেখা, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ভ্রমণ কিংবা সামাজিক যোগাযোগ বৃদ্ধি করার মধ্যেও আনন্দ রয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা থেকেও মানুষ আনন্দ পান।

তবে আনন্দ উপভোগের সঙ্গে আর্থিক সামথের্যর একটি সম্পর্ক রয়েছে। ভ্রমণ, কেনাকাটা, বিনোদন কিংবা পছন্দের খাবার গ্রহণের জন্য অর্থ ব্যয় করতে হয়। সেই ব্যয় করার সামথের্যর পাশাপাশি শারীরিক সক্ষমতা ও মানসিক প্রস্তুতিও প্রয়োজন। অর্থাৎ আনন্দ উপভোগের জন্য অনেক সময় অর্থ, সময়, স্বাস্থ্য ও সুযোগÑসবকিছুর সমন্বয় দরকার হয়।

জীবনের এই পর্যায়ে এসে সুখ ও আনন্দের পার্থক্য প্রবীণদের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক সক্ষমতা কমতে থাকে। অনেক সময় নিজের ইচ্ছামতো চলাফেরা করা, পছন্দের খাবার খাওয়া, দূরে বেড়াতে যাওয়া কিংবা সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব হয় না। আর্থিক নির্ভরশীলতা, অসুস্থতা, প্রিয়জনের মৃত্যু, সন্তানদের ব্যস্ততা এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব কমে যাওয়ার কারণে অনেক প্রবীণের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়।

প্রবীণদের অভিযোগ-অনুযোগের পেছনে সব সময় বস্তুগত অভাব কাজ করে না। অনেক সময় তঁারা অর্থের চেয়ে বেশি প্রত্যাশা করেন পরিবারের সদস্যদের আন্তরিকতা, একটু সময়, সম্মানজনক আচরণ এবং নিজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। তঁারা চান, তঁাদের কথা শোনা হোক, পছন্দ-অপছন্দের মূল্য দেওয়া হোক এবং পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনা করা হোক।

এখানেই প্রবীণ জীবনের সুখের সঙ্গে আনন্দের একটি মৌলিক পার্থক্য তৈরি হয়। প্রবীণদের হয়তো দামি পোশাক, বিলাসবহুল হোটেল কিংবা দূরদেশ ভ্রমণের সুযোগ নেই। কিন্তু পরিবারের সদস্যরা যদি তঁাদের সঙ্গে কিছুটা সময় কাটান, পুরোনো দিনের গল্প শোনেন, মতামতকে গুরুত্ব দেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্তে তঁাদের অংশগ্রহণ নিশ্চিত করেন, তাহলে তঁাদের জীবনে সুখের অনুভূতি অনেক বেড়ে যেতে পারে।

আমাদের মনে রাখতে হবে, প্রবীণদের সুখী রাখার দায়িত্ব শুধু তঁাদের নিজেদের নয়; পরিবার, সমাজ ও রাষ্ট্রেরও রয়েছে। প্রবীণদের আর্থিক নিরাপত্তার পাশাপাশি প্রয়োজন সামাজিক মর্যাদা, ব্যক্তিগত স্বাধীনতা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক অংশগ্রহণের সুযোগ।

জীবনের শেষ অধ্যায়ে এসে মানুষের আনন্দের পরিধি হয়তো ছোট হয়ে আসে, কিন্তু সুখের প্রয়োজন কমে না। বরং ভালোবাসা, আন্তরিকতা, সম্মান ও স্বাধীনতার প্রয়োজন আরও বেড়ে যায়।

সুখের জন্য সব সময় বড় আয়োজন লাগে না। কখনো প্রিয়জনের একটি ফোন, সন্তানের সঙ্গে কিছুক্ষণ কথা বলা, বন্ধুর সঙ্গে এক কাপ চা কিংবা নিজের পছন্দমতো একটি সিদ্ধান্ত নিতে পারার মধ্যেও সুখ লুকিয়ে থাকে।

আনন্দ আমাদের কিছু সময়ের জন্য হাসায়, আর সুখ আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। তাই শুধু আনন্দের পেছনে ছুটে নয়, সুখের উপাদানগুলোকে জীবনে প্রতিষ্ঠিত করেই আমাদের বঁাচতে শেখা উচিত।

হাসান আলী : প্রবীণ বিশেষজ্ঞ; প্রবীণ বিষয়ে লেখক, গবেষক ও গ্রন্থকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়