রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১০:২৪

ইব্রাহিমপুরে অবৈধ দখলদারিত্ব আড়াল করতেই চাঁদাবাজির মিথ্যা অভিযোগ!

ইব্রাহিমপুরে অবৈধ দখলদারিত্ব আড়াল করতেই চাঁদাবাজির মিথ্যা অভিযোগ!
চৌধুরী ইয়াসিন ইকরাম

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের মুখদ্দী ও চালতাতলী এলাকায় সরকারি সম্পদ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের চালানো উচ্ছেদ অভিযান নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযানের পর ইকবাল পাটোয়ারী নামের এক ব্যক্তি চাঁদাবাজি ও গরু-ছাগল লুটের অভিযোগ তুললেও স্থানীয় বাসিন্দারা বলছেন সম্পূর্ণ উল্টো কথা। তাদের দাবি, নিজের অবৈধ দখলদারিত্ব আড়াল করতেই ইকবাল এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন।

চাঁদপুর সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বিস্তীর্ণ ফসলি জমির টপসয়েল (উপযুক্ত উপরিভাগের মাটি) কেটে বিক্রি করে আসছিল এবং সেখানে মাছ চাষের জন্য ঝিল তৈরি করছিল। এ ঘটনায় এর আগে একাধিক অভিযান চালিয়ে অর্ধশতাধিক মাটি কাটার ভেকু (এক্সেভেটর) ধ্বংস এবং তিন লাখ টাকার বেশি জরিমানা করা হলেও তাদের অবৈধ কার্যক্রম বন্ধ করা যায়নি।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা বলেন, "সরকারি সম্পদের মাটি বিক্রির সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই অভিযান চলছে। বারবার ব্যবস্থা নেওয়ার পরও তাদের তৎপরতা অব্যাহত থাকায় গত ২২ ও ২৩ অক্টোবর পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।"

অভিযানের পর ইকবাল পাটোয়ারী অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় তার খামারে অভিযান চালিয়ে গরু-ছাগল লুট করা হয়েছে। তবে তার এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উল্টো তারা অভিযোগ করেন, ইকবাল চরাঞ্চলের মানুষের গবাদিপশু জিম্মি করে অর্থ আদায়, হুমকি দিয়ে জমি দখল এবং মাছের ঘের নির্মাণ করেছেন। এমনকি তার বিরুদ্ধে গরু চুরির সুনির্দিষ্ট অভিযোগ দিয়েও অতীতে কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন স্থানীয়রা।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে ইকবালের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি দাবি করেন, স্থানীয় ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্যের নাম ব্যবহার করে তার কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা নিয়েছেন।

তবে যুবদল নেতার বিরুদ্ধে ওঠা এই চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ইব্রাহিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর মাঝি বলেন, "নিজের অপকর্ম ও দখলদারিত্ব আড়াল করতেই ইকবাল এমন মনগড়া অভিযোগ তুলছেন। তাঁর তোলা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"

এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী বলেন, "বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক ও আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়