রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ২০:১৫

দোয়া ও সমর্থন চেয়ে চান্দ্রা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজীর মতবিনিময় সভা

শেখ আল মামুন।।
দোয়া ও সমর্থন চেয়ে চান্দ্রা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজীর মতবিনিময় সভা

চাঁদপুর সদর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইউসুফ গাজীর পক্ষে দোয়া ও সমর্থন চেয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে স্থানীয় গাজী স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মো. ইউসুফ গাজী।

চান্দ্রা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মতিনের সভাপতিত্বে ও মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ওলামা দলের সহ-সভাপতি আলহাজ্ব কারী হারুনুর রশিদ, সমাজসেবক মো. আকবর হোসেন, আব্দুর রশিদ মাস্টার, সাদ্দাম হোসেন, সুলতান মাঝি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইউসুফ গাজী বলেন, আমি জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে জনগণের সেবা করে আসছি। পশ্চিম বাখরপুর এলাকায় হাজার হাজার পরিবারের বসবাস। এই এলাকাটি দীর্ঘ বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। ২০০৪ সালে আমার উদ্যোগে এই এলাকার প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এছাড়া বিভিন্ন রাস্তাঘাট, ছোট ছোট কালভার্ট নির্মাণের ক্ষেত্রে আমার অবদান রয়েছে।

তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আদর্শে বিশ্বাসী। আমার অভিভাবক জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই যদি আমাকে দলীয়ভাবে সমর্থন করেন, তাহলে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের অংশগ্রহণ করে দলের বিরুদ্ধে অবস্থান নেয়ার ইচ্ছে আমার নেই।

তিনি আরো বলেন, চেয়ারম্যান নির্বাচন করার ইচ্ছে আমার ছিলো না। কিন্তু বিগত সময়ে আমার সামাজিক কর্মকাণ্ডের কারণে ইউনিয়নের সাধারণ জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচন করার জন্য বারবার অনুরোধ করে আসছে। তাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে প্রথমবারের মতো এই মতবিনিময়ের সভায় অংশ নিয়েছি।

উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাকে ভালবাসেন বলেই আজকে এই আয়োজন করেছেন। আমি চেয়ারম্যান প্রার্থী হই বা না হই আপনাদের সাথে আমার এই সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি পেশার সুধীজন ও নারী ভোটাররা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়