রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৮:২৩

ফরিদগঞ্জে গাছ কাটায় বাধা দেওয়ায় হামলা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে গাছ কাটায় বাধা দেওয়ায় হামলা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২
ছবি ১: ফরিদগঞ্জে গাছ কাটাকে কেন্দ্র করে হামলার ঘটনায় গ্রেপ্তার ইউনিয়ন ছাত্রদল নেতা নিজাম উদ্দিন ও অন্য আসামি। ছবি ২ : ফরিদগঞ্জের খাজুরিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত টুম্পা দে হাসপাতালে চিকিৎসাধীন।

ফরিদগঞ্জে জোরপূর্বক বাগানের গাছ ও ডালপালা কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই মামলায় জড়িত থাকা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে। হামলায় ৩ জন নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের দত্তের বাড়িতে এই ঘটনা ঘটে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী শিমুল লোধ অভিযোগ করে বলেন, "আমাদের প্রতিবেশী আবুল হাশেম বেপারী জাল-জালিয়াতির মাধ্যমে আমাদের পৈত্রিক সম্পত্তি নিজেদের নামে দলিল তৈরি করে জবরদখল করে রেখেছিলেন। আমরা কাগজপত্র উদ্ধার করে আইনের আশ্রয়ে একের পর এক সম্পত্তি পুনরুদ্ধার শুরু করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। হাশেম বেপারীর ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও তার লোকজন প্রায়শই আমাদের চাষাবাদে বাধা দিতো এবং জোরপূর্বক বাগানের গাছের ডালপালা কেটে নিতো।"

তিনি আরও জানান, গত ১৬ অক্টোবর আসামিরা পুনরায় জোরপূর্বক বাগানের গাছ ও ডালপালা কাটতে গেলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় শিমুল লোধের স্ত্রী টুম্পা দে (২৩), ভাইয়ের স্ত্রী কাকলী দে (৩০) ও বোন শোভা রানী (৩০) গুরুতর জখম হন। এছাড়া শিমুল লোধ ও তার ভাতিজিকে বেদম মারধর করা হয়। এ সময় হামলাকারীরা নারীদের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদীর দাবি, হামলার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও আসামিরা বাধা দেয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করা হলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। আহতদের প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এ ঘটনায় তারা চরম

নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

ঘটনার পর অভিযুক্তদের এলাকায় না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্লাহ জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলার এজাহারনামীয় দু আসামি নিজাম উদ্দিন ও শামীমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়