প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৯:২৪
ফরিদগঞ্জে আগুনে পুড়ে গেছে চার বসতঘর, ক্ষতি ৪০ লাখ টাকা

ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের চারটি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্যমতে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উভারামপুর গ্রামের দক্ষিণ পাটওয়ারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন— অটোরিকশাচালক চান মিয়া, সূর্য মিয়া, দিনমজুর মো. স্বপন ও হাবিব। আগুনে তাদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের কোনো মালামালই তারা বের করতে পারেননি।
ক্ষতিগ্রস্ত অটোরিকশাচালক চান মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শুক্রবার দুপুরে আমরা জুমার নামাজ পড়তে যাই। নামাজ শেষে বাড়ি ফিরে দেখি আমাদের বসতঘর আগুনে পুড়ে গেছে। ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ সব পুড়ে শেষ হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব।”
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা এলাকাবাসী গভীরভাবে মর্মাহত। চারটি পরিবারের ঘরবাড়ি পুড়ে যাওয়ায় তারা এখন খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন। তিনি বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি চার পরিবারের বসতঘর আগুনে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।”
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট, রান্নার চুলা কিংবা অন্য কোনো কারণ থেকে আগুন লেগেছে কি না, তা নিশ্চিত হতে পারেনি স্থানীয়রা।








