প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৬
বিশ্ব দৃষ্টি দিবসে ‘ক্লীন চাঁদপুরে'র চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক
শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুরে সচেতনতা বৃদ্ধি ও শিশুদের মননশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম প্যাভিলিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লীন চাঁদপুর’-এর উদ্যোগে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ক, খ ও গ—এই তিনটি বিভাগে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।
|আরো খবর
প্রতিযোগিতাশেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “চোখ মানুষের সবচেয়ে অমূল্য অঙ্গ। দৃষ্টিশক্তি সুস্থ রাখা ও চোখের সঠিক যত্ন নেওয়া সম্পর্কে সচেতনতা তৈরি করা আমাদের সকলের দায়িত্ব। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই চোখের যত্ন, সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে হবে। চোখের যে কোনো সমস্যায় অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।”
শিশুদের মানস গঠনে এমন আয়োজনের প্রশংসা করে তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি চিত্রাঙ্কনের মতো সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের মেধা ও কল্পনাশক্তির বিকাশ ঘটায়। সামাজিক সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন সমাজ গঠনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ক্লীন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি পরিচ্ছন্ন, সচেতন ও মানবিক সমাজ গঠনে শিশু-কিশোরদের সম্পৃক্ত করা প্রয়োজন। বিশ্ব দৃষ্টি দিবসের আসল তাৎপর্য অনুধাবন করে সাধারণ মানুষের মাঝে দৃষ্টিশক্তি সুরক্ষার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর। এ সময় বিজয়ী প্রতিযোগী, অভিভাবক এবং ‘ক্লীন চাঁদপুর’-এর সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও সনদ বিতরণ করা হয়।
ডিসিকে /এমজেডএইচ








