প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২০:১৩
মতলব উত্তরে কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন ড. জালাল উদ্দিন এমপি

কৃষিতে বিপ্লব ঘটাতে প্রযুক্তিই ভরসা ও উৎপাদন বাড়াতে সরকার খাল খননসহ নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, “বর্তমানে কৃষি শ্রমের মূল্য অনেক বেড়েছে। কৃষকদের এই পরিশ্রম ও খরচ কমাতে সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।”
মাদকের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। মতলব উত্তরে কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর ঠাঁই হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর ও আপসহীন ভূমিকা পালন করতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি এস. এম. জাহাঙ্গীর আলম প্রধান। এছাড়া কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মনির হোসেন, বশির মোল্লা ও মো. জাহাঙ্গীর হোসেন।
সভা শেষে উপজেলার কৃষকদের মাঝে মোট ১৬৭টি আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়। বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে— ১২টি ধান মাড়াই যন্ত্র, ৩৮টি এলএলপি, ১৬টি ভুট্টা মাড়াই যন্ত্র, ১১টি রিপার, ৬টি বেড প্ল্যান্টার, ১২টি ফুট পাম্প, ৬২টি হ্যান্ড স্প্রেয়ার এবং ২টি তেল নিষ্কাশন যন্ত্র।
কৃষিযন্ত্র বিতরণের পাশাপাশি ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি উপজেলা প্রাঙ্গণে স্থানীয় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। পরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।







