প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১৮:৫৭
হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অটোবাইক যাত্রীর
হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোবাইক থেকে ছিটকে পড়ে রেহানা আক্তার (৪৫) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে রান্ধুনীমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত রেহানা আক্তার হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মনিনাগ মজুমদার বাড়ির আব্দুল কাদের বিটু মজুমদারের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা মিরাজ মুন্সী জানান, রেহানা আক্তার হাজীগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত অটোবাইকে চড়ে শ্বশুরবাড়ি রান্ধুনীমুড়া যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোবাইকটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসাশেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক তাকে কুমিল্লায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে কুমিল্লা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং চালককে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।







