প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯
বৃষ্টিতে বেহাল সরদারকান্দি-ছোটহলদিয়া সড়ক, ঝুঁকিতে পথচারীরা

সামান্য বৃষ্টিতেই বেহাল হয়ে পড়েছে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি-ছোটহলদিয়া সড়কটি। পিচ উঠে স্থানে স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত, যা এখন চলাচলের প্রায় অনুপযোগী। এলজিইডির এই গুরুত্বপূর্ণ সড়কটিতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। অবিলম্বে সড়কটি সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
|আরো খবর
সরজমিনে দেখা যায়, সড়কের নূর মোহাম্মদের বাড়ি সংলগ্ন স্থানের অবস্থা সবচেয়ে নাজুক। সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে জমে থাকা পানির কারণে গর্তগুলোর গভীরতা সহজে বোঝা যায় না। একসময়ের ১০ ফুট প্রশস্ত রাস্তাটি ভেঙে বর্তমানে মাত্র ৪ ফুটে পরিণত হয়েছে।
উত্তর সরদারকান্দি, শাখারিপাড়া, জহিরাবাদ ও এখলাছপুরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের মতলব সদরে যাতায়াতের অন্যতম প্রধান পথ এটি। প্রতিদিন এ সড়ক দিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের পাশাপাশি বহু শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ যাতায়াত করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত। বৃষ্টির পর খানাখন্দগুলো আরও বিপজ্জনক রূপ নিয়েছে। বিশেষ করে রাতে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার মুখে পড়ছেন যাত্রীরা।
ইতোমধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে গর্তে বালুর বস্তা ফেলে সাময়িক চলাচলের ব্যবস্থা করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান ভুক্তভোগীরা। সড়কটির টেকসই ও স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার জানান, সড়কটির বেহাল অবস্থার বিষয়ে তারা অবগত আছেন। দ্রুতই ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনের মাধ্যমে স্থায়ী সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
ডিসিকে /এমজেডএইচ








