প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮
রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি

পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁদপুর জেলা সদরে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
|আরো খবর
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট এ. কে. এম. সলিম উল্যা সেলিম, সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার, কার্যনির্বাহী সদস্য তমাল কুমার ঘোষ, ড. জাহাঙ্গীর খান, পিপি অ্যাডভোকেট কোহিনূর বেগম এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
কর্মসূচির শুরুতে চাঁদপুর পৌরসভার মেথা রোড এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে এডিস মশার বংশবিস্তার রোধে জমা পানি অপসারণ, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণসহ নানা দিকনির্দেশনা দেওয়া হয়।
ইউনিট যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীর নেতৃত্বে কর্মসূচিতে আরও অংশ নেন উপ-যুব প্রধান-১ ফয়সাল শেখ, উপ-যুব প্রধান-২ নুর মোহাম্মদ, চাঁদপুর ইউনিটের যুব সদস্যবৃন্দ এবং চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজ রেড ক্রিসেন্ট দলের দলনেতাসহ তরুণ স্বেচ্ছাসেবকরা।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও মশাঘটিত রোগ প্রতিরোধে রেড ক্রিসেন্টের এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিসিকে /এমজেডএইচ








