প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭
মতলবের শিক্ষার্থীর জাবির শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী ঝর্ণা আক্তার জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেছেন।
|আরো খবর
জানা যায়, শিক্ষার্থী ঝর্ণা আক্তার মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাত থেকে শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে ২৫০০টি ডিগ্রি (পাস), অনার্স ও মাস্টার্স ডিগ্রির শিক্ষাপ্রতিষ্ঠান আছে। তার মধ্যে শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের ৫৭জন শিক্ষার্থী। অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়, মতলব রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী ঝর্ণা আক্তার এই সম্মানজনক পুরস্কারের জন্য নির্বাচিত হন।
ঝর্ণা আক্তার ২০১৮ সালের স্নাতক (পাস) বিএসএস পরীক্ষায় অংশগ্রহণ করে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.৮০ পেয়ে এই সম্মানজনক পদক ও শিক্ষাবৃত্তি অর্জন করেন। তিনি মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মো. নুরুল ইসলাম ও নার্গিস বেগমের মেয়ে। পাঁচ ভাই-বোনের মধ্যে ঝর্ণা দ্বিতীয়। বর্তমানে তিনি মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
ঝর্ণা পুরস্কার হিসেবে প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ক্রেস্ট এবং ২৫ হাজার টাকার অর্থ সম্মানী। তাঁর এই কৃতিত্বের জন্যে রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অরুণ চন্দ্র সরকারসহ সকল শিক্ষক
অভিনন্দন জানিয়েছেন।








