প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৮
হাজীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ৬ মণ মাছের পোনা অবমুক্ত করলেন এমপি মমিনুল হক

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক উন্মুক্ত জলাশয় ও বিভিন্ন পুকুরে ২৫০ কেজি (প্রায় ৬ মণ) মাছের পোনা অবমুক্ত করেছেন।
|আরো খবর
২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদের পুকুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব পোনা অবমুক্ত করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে ডাকাতিয়া নদী ও সংলগ্ন প্লাবনভূমিতে ১৩০ কেজি, উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস পুকুরে ৩০ কেজি, হাজীগঞ্জ থানা পুকুরে ২৫ কেজি এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পুকুরে ২৫ কেজিসহ মোট ২৫০ কেজি পোনা ছাড়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের (কুমিল্লা অঞ্চল) পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।
অনুষ্ঠানে সহকারী মৎস্য কর্মকর্তা মো. তানভীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, নুরুল আমিন হেলালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








