প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৪
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দুই কাব শিশুকে চাঁদপুর জেলা ও উপজেলা শিক্ষা বিভাগের সম্মাননা

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জাতীয় পর্যায়ে যৌথভাবে দ্বিতীয় এবং চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী দুই কৃতী কাব শিশু রুদ্র ও ইফফাতুরনেছাকে সংবর্ধনা দিয়েছে জেলা ও উপজেলা শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে (ইউআরসি) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা। চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম এবং ইউআরসির ইনস্ট্রাক্টর মো. সাদেক হোসেন। আলোচনা সভা শেষে অতিথিরা কৃতী দুই কাব শিশুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
ফরিদগঞ্জ উপজেলা স্কাউটের ইউনিট লিডার জহিরুল ইসলাম জানান, ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী (শ্যামল দাসের ছেলে) রুদ্র এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী (সহকারী শিক্ষক নাদিয়ার মেয়ে) ইফফাতুরনেছা এ বছর শ্রেষ্ঠ কাব নির্বাচিত হয়। তারা গত ২৩ মে উপজেলা পর্যায়ে, ৭ জুন চাঁদপুর জেলা পর্যায়ে এবং ১০ জুন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করে। পরবর্তীতে ১৫ জুন জাতীয় পর্যায়ে তারা যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে এবং ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে পদক গ্রহণ করে।
রুদ্র দাসের বাবা শ্যামল দাস অনুভূতি প্রকাশ করে বলেন, "আমরা দরিদ্র পরিবার। এর মধ্যেও আমার ছোট ছেলে নিজের মেধা ও যোগ্যতা দিয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। আশা করি সে বড় হয়ে দেশের সেবা করবে। তার এই সাফল্যের পেছনে স্কুলের কাব শিক্ষক জহিরুল ইসলামের অবদানের কথা কখনো ভুলব না।"
শোভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, "আমাদের স্কুলের শিক্ষিকার মেধাবী কন্যা ইফফাতুরনেছা পুরো উপজেলার মুখ উজ্জ্বল করেছে।"
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস কবির ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা বলেন, "ফরিদগঞ্জের দুটি শিশু জাতীয় পর্যায়ে অনন্য সাফল্য অর্জন করে শিক্ষক পরিবার ও পুরো এলাকাকে সম্মানিত করেছে। তাদের এই অর্জন অন্য শিশুদেরও অনুপ্রাণিত করবে। এই কৃতী শিশুদের সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।"








