প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৭
ফরাজীকান্দিতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে
---সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেছেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
|আরো খবর
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতলব উত্তর থানার আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। মাদক ধ্বংস করছে তরুণদের মেধা ও সৃজনশীলতা। এতে সামাজিক অবক্ষয় হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে। বাংলাদেশে দিনের পর দিন মাদকদ্রব্যের অপব্যবহার বাড়ছে। মাদকের কারণে বছরে প্রায় ছয় হাজার কোটি টাকা পাচার হয়। বর্তমানে দেশে প্রায় এক কোটির বেশি মানুষ মাদকাসক্ত। মাদকের ভয়াবহতা থেকে মুক্তি পেতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পরিবার, সামাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিক নিদের্শনায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, আক্তার হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দলিল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু।
মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র্যালি ও সমাবেশে মতলব উত্তর থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমাম, পুরোহিত ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মাদকবিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। সমাবেশে মাদকের ভয়াবহতা, ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। র্যালিটিতে বিভিন্ন পেশা ও সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।
মতলব উত্তর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানায়।








