প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৫
মতলব উত্তরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে প্রীতি ফুটবল ম্যাচ ও গাছের চারা বিতরণ

মতলব উত্তর উপজেলার পাঁচআনী যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার পাঁচআনী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আরিফ উল্লাহ মুন্সী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ার হোসেন মাস্টার, আবু সুফিয়ান রয়েল, ইউপি সদস্য রিয়াদ হোসেন, শাকিল মুন্সী, মাওলানা আনিসুর রহমান সরকার, মোহনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোলাইমান গাজী, কবির হোসেন মোল্লা, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আলম মোল্লা, আল আমিন মোল্লা ও জাকির হোসেন মাঝি।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ উল্লাহ মুন্সী বলেন, "মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতিকর। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে হবে। আমরা চাই, আমাদের এলাকার প্রতিটি তরুণ মাদককে 'না' বলে খেলাধুলা ও ভালো কাজে যুক্ত হোক।"
তিনি আরও বলেন, "মাদকমুক্ত সমাজ গড়তে হলে তরুণদের মাঠমুখী করতে হবে। আজকের এই আয়োজন শুধু একটি ফুটবল ম্যাচ নয়; এটি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির একটি উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।"
এ সময় তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উত্তেজনাপূর্ণ এ খেলায় পাঁচআনী স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে এখলাশপুর একাদশ।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
ছবি: মতলব উত্তরে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে পাঁচআনীতে প্রীতি ফুটবল ম্যাচ শেষে গাছের চারা বিতরণ।








