প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৭
এমপিওভুক্ত শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা সভাপতির মায়ের ইন্তেকাল
বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জুয়েলের মমতাময়ী মাতা মমতাজ বেগম (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টা ৫৫ মিনিটে দুরারোগ্য খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা মমতাজ বেগম অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। তিনি আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের আন্তরিকভাবে আপ্যায়ন করতে ভালোবাসতেন। কেউ বিপদে পড়লে তিনি ছুটে যেতেন বলেও স্থানীয়দের মাঝে তাঁর ব্যাপক সুনাম ছিলো। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) মরহুমার নিজ বাড়ি চাঁদপুর সদর উপজেলার শিলন্দিয়া মজুমদার বাড়িতে জানাজাশেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন ব্যক্তি ও পরিচিতজন মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেছেন।







