প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২১:২৫
মতলবে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। 'রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৬ আগস্ট ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্য চাষিদের মধ্যে মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।
|আরো খবর
উপজেলা সমাজসেবা অফিসার টিটু চন্দ্র ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল ও মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, মৎস্যচাষি আব্দুর রশিদ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, মৎস্যজীবী জয়দেব বর্মন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ। আলোচনা সভাশেষে ৩জন শ্রেষ্ঠ মৎস্যজীবীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।







