শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২১:০৬

ধনাগোদা নদীতে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

যুবসমাজ খেলাধুলা ও এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে অপরাধ থেকে দূরে থাকা সহজ হবে

: বিসিবির পরিচালক প্রফেসর ড. সরকার মাহবুব আহমেদ শামীম

রেদোয়ান আহমেদ জাকির।।
যুবসমাজ খেলাধুলা ও এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে অপরাধ থেকে দূরে থাকা সহজ হবে

মতলব উত্তর ও দক্ষিণের সংযোগস্থল ধনাগোদা নদীতে নৌকা বাইচে বৈঠার তালে তালে যেন প্রাণ ফিরে পায় প্রকৃতি। এ সময় নদীর দুই তীরে আনন্দ ও উল্লাসে মেতে ওঠেন নানা বয়সী নারী-পুরুষ ও শিশু।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেলে এ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দু পাড়ে হাজারও মানুষের ঢল নামে।

নৌকা বাইচ উপলক্ষে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসতে থাকেন দর্শনার্থীরা। মতলব ব্রিজ থেকে শুরু করে আধা কিলোমিটার দূরের কদমতলী বালুরঘাট পর্যন্ত নৌকা বাইচ দেখতে স্থানীয় লোকজনের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন। অনেকে নদীর তীরে জায়গা না পেয়ে পাশের ভবনের ছাদে কিংবা গাছের ডালে উঠে পড়েন।

এ প্রতিযোগিতায় মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার নয়টি নৌকা দল অংশ নেয়। পরবর্তীতে জিলানী প্রধানের ‘বাংলাদেশ লাল সবুজ’ দলসহ ৬টি দল ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়। এতে মতলব দক্ষিণ উপজেলার ‘বাংলাদেশ লাল সবুজ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করে ছিডু প্রধানের দল এবং তৃতীয় স্থান অর্জন করে মতলব সওদাগর বাড়ির কামাল সওদাগরের দল।

বিজয়ীরা বলেন, “আজ থেকে ৭ বছর আগে ধনাগোদা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। আজ অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে ধনাগোদা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই প্রতিবছরই এই নদীতে নৌকা বাইচের আয়োজন করা হোক।”

‘নদী বাঁচলে পরিবেশ বাঁচবে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিবির পরিচালক ড. সরকার মাহবুব আহমেদ শামীম। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ও কেন্দ্রীয় যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিসিবির পরিচালক প্রফেসর ড. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, “বর্তমানে মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে ও কিশোর গ্যাংয়ের অবসান ঘটাতে এই নৌকা বাইচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুবসমাজ খেলাধুলা ও এমন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকলে অপরাধ থেকে দূরে থাকা সহজ হবে।”

উদ্বোধক ও ক্রীড়া সংগঠক মেজবাহ উদ্দিন মেজু বলেন, “নদীর নাব্যতা ফেরাতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনেক বড় ভূমিকা রাখবে। আমরা মনে করি নদী বাঁচলে পরিবেশ বাঁচবে। তাই এই নদী সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না, ছাত্রদল নেতা রাজা ফয়সাল প্রমুখ।

নৌকা বাইচে প্রথম স্থান অর্জনকারী দলকে একটি ফ্রিজ, ২য় স্থান অর্জনকারী দলকে একটি ৩২ ইঞ্চি রঙিন টিভি ও ৩য় স্থান অর্জনকারী দলকে একটি ২৪ ইঞ্চি রঙিন টিভি পুরস্কার হিসেবে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়