শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২০:৫৭

বাখরপুরে প্রবাসী পরিবারের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার।।
বাখরপুরে প্রবাসী পরিবারের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

চাঁদপুর-হাইমচর সীমান্তে জোরপূর্বক প্রবাসী পরিবারের বাড়ির প্রবেশপথসহ সামনের পুরো জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ও তার ছেলেরা প্রবাসে থাকায় বহু দেনদরবার করেও ১২ বছর ধরে তারা ওই জমি দখলমুক্ত করতে পারেননি। অবশেষে দখলকৃত জমি উদ্ধারে আবারও আইনি সহায়তা চেয়ে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩’-এর ৭ ও ৮ ধারায় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসী পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে (বাংলাবাজার গরুর হাট সংলগ্ন)।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এবং মামলার এজাহার সূত্রে জানা যায়, বাখরপুর কবিরাজ বাড়ির মৃত ইদ্রিস কবিরাজের পুত্র মো. মোক্তার কবিরাজ প্রতিবেশী আনোয়ারা বেগমের কাছ থেকে ৩০ শতক জমি ক্রয় করেন; যা সিএস ৯৯, আরএস ১০৫ এবং বিএস ৪৭ নম্বর খতিয়ানভুক্ত। একই মালিকের কাছ থেকে তার প্রতিবেশী জিতু মিয়া কবিরাজ পূর্ব অংশের ৬ শতক জায়গা ক্রয় করেন। কিন্তু জিতু মিয়া কবিরাজ ওই জমির রাস্তার পাশের পুরো সামনের অংশটি দখল করে সেখানে একটি মার্কেট নির্মাণ করেন। শুধু তাই নয়, মোক্তার কবিরাজের বাড়িতে প্রবেশের কোনো রাস্তাও রাখেননি।

এ বিষয়ে ভুক্তভোগী মোক্তার কবিরাজ বলেন, ‘আমি দীর্ঘদিন প্রবাসে থেকে কষ্টে উপার্জিত টাকা দিয়ে এই জমিটা কিনেছি। আমার দু ছেলেও বিদেশে থাকতো। এই সুযোগে জিতু মিয়া কবিরাজ এক পাশের জায়গা না নিয়ে রাস্তার সামনের পুরো জায়গাটি জোরপূর্বক দখল করে সেখানে মার্কেট নির্মাণ করে। সে সময় হাইমচর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর আত্মীয় পরিচয়ে সে আমাদের ওপর জুলুম-অত্যাচার করেছে। তাদের অত্যাচারে আমি দীর্ঘ ১২ বছর ধরে বাড়িতে প্রবেশ করতে পারিনি।’

ভুক্তভোগী মোক্তার কবিরাজ আরও বলেন, ‘জিতু মিয়া কবিরাজ মারা যাওয়ার আগে নিজের এই অন্যায়ের কথা স্বীকার করে গেছে। শুধু তাই নয়, আমাদেরকে জমিটি ফেরত দেওয়ার কথাও বলে গেছেন। কিন্তু তার মৃত্যুর পর ছেলে ইসমাইল হোসেন এবং ভাতিজা মো. আলাউদ্দিন ও মো. সিরাজ গং জমিটি এখনো দখল করে রেখেছে। আমি মহামান্য আদালত এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রার্থনা করছি। পাশাপাশি আমাদের চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সাহেবের সুদৃষ্টি কামনা করছি।’

এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে মার্কেট এলাকায় পাওয়া যায়নি। তবে জমির মূল মালিক আনোয়ারা বেগমের মেয়ে আমেনা বেগম বলেন, ‘আমার মা বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ী। তবে আমরা জানি যে আমার মা মোক্তার কবিরাজের কাছে ৩০ শতক জমি বিক্রি করেছেন। অমীমাংসিত বিষয়টি সমাধান হোক, আমরাও তা-ই চাই।’

ছবি ক্যাপশন :

চাঁদপুর সদর উপজেলাধীন বাংলাবাজার গরুর হাটের পাশে প্রবাসী মোক্তার কবিরাজের সম্পত্তির ওপর জোরপূর্বক মৃত জিতু কবিরাজ গংয়ের তৈরি করা দোকানপাট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়