প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৫:৩৫
মৌলভীবাজারে ৪৭টি যানবাহন আটক, জরিমানা ১ লাখ ২৪ হাজার টাকা

মৌলভীবাজারে পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৭টি যানবাহন আটক এবং এক লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলাজুড়ে একযোগে বিশেষ ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও চেকপোস্ট পরিচালনা করা হয়। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলে।
অভিযানে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রস্তুত রাখা, দ্রুত মোতায়েন সক্ষমতা ও সমন্বিত অপারেশনাল দক্ষতা পরীক্ষা করা হয়। একই সাথে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে তল্লাশিচৌকি বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হয়।
এ সময় হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সহ নানা নিয়মে ৪৭টি যানবাহন আটক এবং সড়ক পরিবহন আইনে ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পুলিশ জানায়, জেলায় মাদক, কিশোর গ্যাং ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তল্লাশি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।








