বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৬:১৭

কচুয়ায় ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. নাছির উদ্দিন।।
কচুয়ায় ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি ক্যাপশন: কচুয়ায় ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তারকৃত আসামি হানিফ মিয়া।

কচুয়া উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার গোপন বক্স থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে হানিফ মিয়া নামে এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হানিফ মিয়া কুমিল্লা সদর দক্ষিণ থানার ফুলতলী গ্রামের মৃত আবুল কাশেম ওরফে কালা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোহাম্মদ সাইফুল ইসলামসহ পুলিশের একটি টিম শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

বিকেল সাড়ে ৫টার দিকে চান্দিনা থেকে আসা একটি যাত্রীবিহীন সিএনজিকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে।

পরবর্তীকালে সিএনজির পেছনের সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন বক্সে তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো ৮টি বান্ডেলে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে মাদক পাচারে ব্যবহৃত সবুজ রঙের সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত আলামত থেকে নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ ও পরিবহনের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্য চক্রের সদস্যদের শনাক্তে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

থানার সিডিএমএস যাচাই করে জানা যায়, গ্রেপ্তারকৃত হানিফ মিয়ার বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায়ও একটি মাদক মামলার চার্জশিট রয়েছে।

এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) আসামিকে চাঁদপুর আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়