প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২১:৩২
ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ

ফরিদগঞ্জে স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে ফরিদগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম। পেশাদার সাংবাদিকতার বিকাশ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মাই টিভির ফরিদগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপজেলার বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে ফরিদগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
|আরো খবর
কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাই টিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন বেলাল এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোহনা টিভির প্রতিনিধি মো. ফাহাদ। কমিটির সদস্য হিসেবে রয়েছেন দেশ টিভির শরীফ আহমেদ, চ্যানেল ওয়ানের জাহিদুল ইসলাম ভূঁইয়া, চ্যানেল এসের জসিম উদ্দিন এবং আরটিভির শামীম হাসান।
সভায় বক্তারা বলেন, পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় সংগঠনটি ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ে টেলিভিশন সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।







