প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২২:১৬
হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ ও সমাবেশ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমসহ স্থানীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ কর্মসূচিতে জেলা এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।
|আরো খবর
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা কেন্দ্রীয় নেতাদের ওপর হামলাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত উল্লেখ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম বলেন, "আমাদের কেন্দ্রীয় নেতাদের ওপর এই কাপুরুষোচিত হামলা প্রমাণ করে, একটি বিশেষ গোষ্ঠী দেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়। রাজপথের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিহত করা হবে। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।"
সংগঠনের যুগ্ম সদস্য সচিব তামিম খান বলেন, "স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে বিরোধী মত দমনে পেটোয়া বাহিনী দিয়ে হামলা চালাত, বর্তমান সরকারও একই কায়দায় দেশ পরিচালনা করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।
সমাবেশে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আরও বক্তব্য দেন চাঁদপুর জেলা এনসিপির সিনিয়র সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল জব্বার, চাঁদপুর পৌর এনসিপির আহ্বায়ক শাহ আলম মিজি, মতলব দক্ষিণ উপজেলা এনসিপির আহ্বায়ক ডিএম আলাউদ্দিন এবং চাঁদপুর সদর উপজেলা এনসিপির সদস্য সচিব এআর আলাউদ্দিন।
প্রতিবাদ সমাবেশে এনসিপি ও এর সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীর পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ ছাত্র-জনতা একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন।








