বুধবার, ২৯ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০১:৩১

৪৫ বছরের স্বাদে তিন প্রজন্মের ভালোবাসা— ‘ওয়ান মিনিট’-এর প্রসিদ্ধ কুলফি মালাই

আব্দুল্লাহ আল মামুন
৪৫ বছরের স্বাদে তিন প্রজন্মের ভালোবাসা— ‘ওয়ান মিনিট’-এর প্রসিদ্ধ কুলফি মালাই

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় ১৩০ বছরের প্রসিদ্ধ অভিজাত মিষ্টি বিপণী ‘ওয়ান মিনিট’। এই ওয়ান মিনিটের নাম লেখকদের কতো গল্প, কবিতা ও উপন্যাসে ঠাঁই পেয়েছে তার ইয়ত্তা নেই। দীর্ঘ পথচলায় রসগোল্লা, সন্দেশ, রসমালাইসহ নানা ধরনের সুস্বাদু মিষ্টি দিয়ে প্রতিষ্ঠানটি যেমন মানুষের আস্থা অর্জন করেছে, তেমনি গত ৪৫ বছর ধরে একটি বিশেষ আইসক্রিমও হয়ে উঠেছে চাঁদপুরবাসীর আবেগের নাম। একসময় যার পরিচিতি ছিলো ‘কোন আইসক্রিম’, এখন সেটিই সবার কাছে জনপ্রিয় ‘কুলফি মালাই’ নামে। মাত্র ৫০ টাকার এই কুলফি মালাইয়ের রয়েছে চার দশকেরও বেশি ইতিহাস। ১৯৮২ সালে দুটি জাপানি মেশিনের মাধ্যমে এর উৎপাদন শুরু হয়। বর্তমানে আমেরিকার মেশিন ব্যবহার করা হচ্ছে।

|আরো খবর

IMG 20260728 WA0098

শুরু থেকেই সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে, হাতের সরাসরি স্পর্শ ছাড়াই দুধ, চিনি, পানি ও বিশেষ ব্যানানা ফ্লেভারের সমন্বয়ে তৈরি করা হচ্ছে এই আইসক্রিম। দীর্ঘদিন ধরে একই স্বাদ, একই মান ও একই গুণগত বৈশিষ্ট্য ধরে রাখার কারণেই এটি আজও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

প্রতিদিন সকাল, বিকেল থেকে রাত পর্যন্ত ওয়ান মিনিটে ভিড় করেন নানা বয়সী মানুষ। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ দূর-দূরান্ত থেকে শুধু এই কুলফি মালাইয়ের স্বাদ নিতে ছুটে আসেন। অনেকেই নিজের জন্যে খাওয়ার পাশাপাশি পরিবারের সদস্য ও প্রিয়জনদের জন্যে পার্সেল করে নিয়ে যান

উল্লেখ করার মতো বিষয় হলো, যে শিশুরা ১৯৮২ সালে এই আইসক্রিম খেতে শুরু করেছিলো, তাদের সন্তান-সন্তুতিরাও আজ একই স্বাদ উপভোগ করছে। অর্থাৎ প্রায় তিন প্রজন্ম ধরে একই ঐতিহ্য, একই বিশ্বাস আর একই স্বাদ বহন করে চলেছে এই কুলফি মালাই।

ওয়ান মিনিটের স্বত্বাধিকারী সম্পদ সাহা বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ আমাদের কুলফি মালাই খেতে আসেন। অনেকে আবার বাসায় নিয়ে যান। আইসক্রিম খাওয়ার পর তাদের মুখের হাসি আর সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। অনেকেই স্বাদের প্রশংসা করেন, আবার কেউ কেউ আরও উন্নতির জন্য পরামর্শও দেন। গ্রাহকদের এই ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

তিনি আরও জানান, বছরের পর বছর একই মান বজায় রাখতে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। ঐতিহ্যের সঙ্গে কোনো আপস না করেই আগের সেই পরিচিত স্বাদ ধরে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।

শুধু একটি আইসক্রিম নয়, চাঁদপুরের মানুষের কাছে এটি যেনো একটি মধুর স্মৃতি, শৈশবের আবেগ আর পারিবারিক ঐতিহ্যের অংশ। সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাত্রা; কিন্তু বদলায়নি ওয়ান মিনিটের কুলফি মালাইয়ের স্বাদ। তাই আজও শহরে বেড়াতে এলে কিংবা পুরোনো দিনের স্মৃতি খুঁজতে চাইলে অনেকের প্রথম পছন্দ হয়ে ওঠে এই ৪৫ বছরের প্রসিদ্ধ কুলফি মালাই

চাঁদপুরের খাদ্যঐতিহ্যের আলোচনায় তাই ‘ওয়ান মিনিট’-এর কুলফি মালাই শুধু একটি আইসক্রিম নয়, এটি শহরের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের ভালোবাসার এক অনন্য প্রতীক

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়