মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১২:২০

চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জায়গায় নতুন ক্যাম্পাস নির্মাণে বড় অগ্রগতি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জায়গায় নতুন ক্যাম্পাস নির্মাণে বড় অগ্রগতি

চাঁদপুর সরকারি কলেজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন শেরে বাংলা হোস্টেল এলাকায় কলেজের নিজস্ব জায়গায় নতুন ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে প্রাপ্ত আবেদনের ওপর একটি অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (উন্নয়ন-৩ শাখা) থেকে প্রকাশিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ১৫ জুলাই ২০২৬ (৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) তারিখে স্বাক্ষরিত এই চিঠিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের বর্তমান অবস্থা তুলে ধরা হয় ।

সূত্র মতে, চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জমিতে নতুন ক্যাম্পাস নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো একটি আবেদনের প্রেক্ষিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ২৮ জুন ২০২৩ তারিখে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ কর্তৃক প্রেরিত আবেদনটির (পত্র সংখ্যা: ০৩.০০.২৬৯০.০০০.০৫.১৪.০০০১.২৬-২২১) ওপর ভিত্তি করে এই অগ্রগতি প্রতিবেদন তৈরি করা হয়েছে ।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, মাননীয় সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের কার্যক্রমের অংশ হিসেবে এই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। বর্তমানে এই প্রতিবেদনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সরকারের সিনিয়র সহকারী সচিবের নিকট প্রেরণ করা হয়েছে ।

উল্লেখ্য যে, একই সাথে ঢাকা, নওগাঁ এবং চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের অগ্রগতির তথ্যও এই চিঠিতে জানানো হয়েছে। তবে চাঁদপুর সরকারি কলেজের জন্যে একটি পূর্ণাঙ্গ নতুন ক্যাম্পাস নির্মাণের এই উদ্যোগ স্থানীয় শিক্ষা ব্যবস্থার প্রসারে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে এই কাজের পরবর্তী ধাপগুলো ত্বরান্বিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়