প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০১:০১
৮০ বছর ধরে অদম্য প্রহরী সেই তিন কেজির তালা

তিন রাষ্ট্রের কালের সাক্ষী ৮০ বছরের পুরোনো লোহার তালা এখনো পাহারা দিচ্ছে চাঁদপুর রকেট স্টিমার ঘাট
|আরো খবর
প্রযুক্তির উৎকর্ষে প্রতিনিয়ত বদলে যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থার চিত্র। আধুনিক ডিজিটাল লক, স্মার্ট সিকিউরিটি ও ইলেকট্রনিক ব্যবস্থার ভিড়ে হারিয়ে যাচ্ছে একসময়ের ঐতিহ্যবাহী লোহার তালাগুলো। কিন্তু চাঁদপুরের ঐতিহাসিক রকেট স্টিমার ঘাটে এখনো নীরবে দায়িত্ব পালন করে যাচ্ছে প্রায় ৮০ বছরের পুরোনো, তিন কেজির মতো ওজনের বিশাল এক লোহার তালা, যা তিন রাষ্ট্রের কালের সাক্ষী হয়ে যেনো ইতিহাসের এক জীবন্ত সাক্ষী।
সময়ের ছাপ পড়লেও তালাটির শক্তি ও কার্যক্ষমতায় কোনো ভাটা পড়েনি। ভারী ও উন্নতমানের লোহায় তৈরি এই তালাটি এখনো প্রতিদিন ব্যবহার করা হয় রকেট স্টিমার অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে।
চাঁদপুর রকেট স্টিমার অফিসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মো. আনোয়ার জানান, তিনি এর আগে ভোলা জেলায় একই দায়িত্ব পালন করেছেন। তাঁর ভাষায়, এই তালাটির বয়স প্রায় ৮০ বছর। ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল পেরিয়ে স্বাধীন বাংলাদেশেও এটি ব্যবহৃত হচ্ছে। ওজন প্রায় তিন কেজি। এতো বছর পরও তালাটির কার্যক্ষমতা অটুট রয়েছে। অফিসের নিরাপত্তায় এটি এখনো আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী।
তিনি আরও বলেন, বর্তমানে চাঁদপুর রুটে রকেট স্টিমার চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ঐতিহ্যবাহী এই স্টিমার ঘাট আগের মতো ব্যবহৃত হয় না। তবে অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে সেই পুরোনো তালাটিই আজও প্রতিদিন ব্যবহার করা হচ্ছে।
এই তালাটি শুধু একটি নিরাপত্তা সরঞ্জাম নয়; এটি বাংলার কারিগরি দক্ষতা, সততা ও মানসম্পন্ন উৎপাদনের এক অনন্য নিদর্শন। যে সময়ে এটি তৈরি হয়েছিলো, তখন নির্মাতারা দীর্ঘ স্থায়িত্ব, মান ও নির্ভরযোগ্যতার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। উন্নতমানের কঠিন লোহা দিয়ে তৈরি হওয়ায় আট দশক পেরিয়েও এটি আগের মতোই সচল রয়েছে।
বর্তমান সময়ে বাজারে সহজেই নানা ধরনের আধুনিক তালা পাওয়া যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই কয়েক মাস ব্যবহারের পরই সেগুলোতে ত্রুটি দেখা দেয়। অথচ তিন রাষ্ট্রের কালের সাক্ষী হয়ে থাকা ঐতিহ্য এই তালাটি প্রায় আট দশক ধরে প্রতিকূল আবহাওয়া, সময়ের ক্ষয় এবং নিয়মিত ব্যবহারের পরও তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে। এটি প্রমাণ করে, অতীতের কারিগরদের নিষ্ঠা, দক্ষতা ও সততার ভিত্তিতেই নির্মিত হতো এমন টেকসই সামগ্রী।
চাঁদপুরের রকেট স্টিমার ঘাট একসময় দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান নৌ-কেন্দ্র ছিলো। সেই গৌরবময় সময়ের অসংখ্য স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই তালাটিও। ব্রিটিশ শাসনকাল, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশের দীর্ঘ পথচলার নীরব সাক্ষী হয়ে এটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের প্রহরী হয়ে।
স্থানীয়দের মতে, রকেট স্টিমার ঘাটের মতোই এই ঐতিহ্যবাহী তালাটিও সংরক্ষণের দাবি রাখে। কারণ এটি শুধু একটি তালা নয়—এটি একটি সময়ের কারিগরি উৎকর্ষ, দায়িত্ববোধ এবং ইতিহাসের জীবন্ত স্মারক।
ডিসিকে /এমজেডএইচ








