প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৪:৫৫
রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৭০ বছর বয়সী মো. সেলিম হোসেন নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই ২০২৬) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
|আরো খবর
এর আগে শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গাছী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় পশ্চিম শোশালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রতিদিনের মতো নিজ বাড়ির বাইরে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় একই এলাকার বাসিন্দা মো. সেলিম হোসেন তাকে ফুসলিয়ে একটি ভবনের ছাদে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন। ঘটনার সময় পাশের বাড়ির এক নারী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে অভিযুক্ত সেলিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় শিশুটির মা আফসানা জান্নাত বাদী হয়ে রামগঞ্জ থানায় শিশু যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার পর শনিবার সন্ধ্যা ৬টার দিকে রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাবর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, শিশুটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







