প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০২:৫৭
এআই ও ফ্যাক্ট চেকিং' বিষয়ে প্রশিক্ষণের সমাপন
মূলধারার সাংবাদিকদের সর্বাধুনিক প্রযুক্তি নিয়েই এগিয়ে যেতে হবে
------মহাপরিচালক ফারুক ওয়াসিফ

এআই'র যুগে মূল ধারার সাংবাদিকদের এর ব্যবহার, শনাক্তকরণ, সমসাময়িক প্রেক্ষাপটে এআই ও ফ্যাক্ট চেকিং-এর চ্যালেঞ্জগুলো চিহ্নিতকরণ ও উত্তরণের উপায় সম্পর্কে অবহিতকরণ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে চাঁদপুরের সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)। 'এআই ও ফ্যাক্ট চেকিং' শিরোনামে তিনদিনব্যাপী এই প্রশিক্ষণের ব্যবস্থাপনায় ছিলো চাঁদপুর প্রেসক্লাব।
|আরো খবর
চাঁদপুর প্রেসক্লাব ভবনের তিন তলায় অবস্থিত মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) থেকে শুরু হয়ে শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেলে এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি এসব প্রতিষ্ঠান যার যার অঙ্গন নিয়ে কাজ করে। আর পিআইবি হচ্ছে সাংবাদিকদের প্রতিষ্ঠান, সাংবাদিকদের একাডেমি। যার কাজ হচ্ছে সাংবাদিক তৈরি করা। এই প্রতিষ্ঠানটি সাংবাদিকদের নিয়ে কাজ করে। পিআইবির মধ্যে প্রশিক্ষণ বিভাগকে সবচেয়ে বেশি ব্যস্ত থাকতে হয়। সারাদেশে সাংবাদিকদের প্রশিক্ষণ নিয়ে কাজ করে এই বিভাগটি।
তিনি বলেন, অবাধ তথ্যপ্রবাহের যুগে, প্রযুক্তির উৎকর্ষতায় অপ-সাংবাদিকতা এবং মিথ্যার দৌরাত্ম্যে মূল ধারার সাংবাদিকতা যেনো হারিয়ে যাচ্ছে। দেখা গেছে যে, কোনো ব্যক্তি সাংবাদিক নয়, সেও একটা মোবাইলে অনলাইন নিউজ পেজ খুলে যা মন চায় মিথ্যা প্রচার করে যাচ্ছে। এই মিথ্যার দৌরাত্ম্য থেকে সাংবাদিকতাকে রক্ষা করতে হলে মূলধারার সাংবাদিকদের সর্বাধুনিক প্রযুক্তিকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে।
এখন মিডিয়া জগতে 'এআই' একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে অজ্ঞ থাকলে সঠিক সংবাদ যাচাই করা সম্ভব নয়। কোনটা প্রকৃত, সঠিক এবং সত্য আর কোনটা এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি সেটি যাচাই না করে সংবাদ হিসেবে প্রচার করা আর সাংবাদিকরা এসব করা সমাজ এবং রাষ্ট্রের জন্যে খুবই ঝুঁকিপূর্ণ। সে জন্য পিআইবি 'এআই' বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। যেটি চাঁদপুরের সাংবাদিকদের জন্যে হয়ে গেলো।








