প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৬:১৯
ডাকাতিয়ায় চলবে ওয়াটার বাস
----মেয়র প্রার্থী জাকির মজুমদার

আমি পৌর মেয়র হিসেবে নির্বাচিত হলে ডাকাতিয়া নদীতে ওয়াটার বাস সার্ভিস চালু করার চিন্তা আছে। এতে করে নদী পাড়ের মানুষগুলোর চলাচল সহজ হবে। পাশাপাশি নদী ভ্রমণে সবাই উৎসাহ পাবে ও সড়কের ওপর চাপ কমে আসবে। আমাদের মাঝে ফিরে আসবে আবহমান গ্রামের সেই নদীপথের চলাচল।
হাজীগঞ্জবাসীকে এমন আশার আলো দেখালেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী জাকির মজুমদার। শনিবার (১৮ জুলাই ২০২৬) দক্ষিণ বলাখালে (১নং ওয়ার্ডে) পৌরবাসীর সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগকালে তিনি এমন পরিকল্পনার কথা জানান।
মেয়র প্রার্থী জাকির মজুমদার আরো বলেন, হাজীগঞ্জ পৌরসভায় পূর্ব-পশ্চিমে দীর্ঘ একটি নদীপথ রয়েছে। এটিকে আমরা সহজ যাতায়াতের জন্যে ব্যবহার করতে পারি। নিরাপদ ও দ্রুত যাতায়াতে এই নদীতে ওয়াটার বাস সার্ভিস চালু করা হবে। আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হলে ডাকাতিয়া নদীর দক্ষিণ বলাখাল বা উটতলী গুদারাঘাট থেকে এনায়েতপুর বা শাহরাস্তি পর্যন্ত ওয়াটারবাস চলাচলের ব্যবস্থা করবো। এতে এ অঞ্চলের সড়কের ওপর চাপ কমবে। সড়কে যানজট হ্রাস পাবে। পৌরবাসীর স্বল্প দূরত্বের যাতায়াতে ডাকাতিয়া নদী বিকল্প পথ হয়ে উঠতে পারে।
জাকির মজুমদার বলেন, আমার পেশাগত জীবনে মানুষের দুঃখ, দুর্দশা, সমস্যা নিয়ে লিখেছি, মানুষের পাশে থেকেছি। পৌরবাসী যদি আমাকে সমর্থন দেন, মেয়র পদে নির্বাচিত করেন, জনগণের অর্পিত আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ। তার সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণসংযোগকালে অংশগ্রহণ করেন।








