প্রকাশ : ২২ জুন ২০২৬, ২০:২৭
রূপসায় কোডেক-এর গাছের চারা বিতরণ
প্রতিটি গাছের চারাকে সন্তানের মতো করে যত্ন নিতে হবে
.......ইউএনও সেটু কুমার বড়ুয়া

ফরিদগঞ্জে কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার-কোডেক-এর উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়েছে। কোডেক লক্ষ্মীপুর জোনের রূপসা শাখার আয়োজনে সোমবার (২২ জুন ২০২৬) বিকেলে উপজেলার রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাছ আমাদের শুধু অক্সিজেন দেয় না, পরিবেশ রক্ষা করে, ভূগর্ভে পানি রক্ষা করে আমাদেরকে ছায়া দেয়, পুষ্টিকর খাদ্যের যোগান দেয় । তাই প্রতিটি গাছের চারাকে আমাদের সন্তানের মতো করে যত্ন নিতে হবে। আজকে এনজিও কোডেক শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেয়ার মাধ্যমে তাদের দায়িত্ব শেষ করলেও এর পরের দায়িত্ব শিক্ষার্থী ও তাদের পরিবারের। এই গাছটিকে যদি আমরা সঠিকভাবে রোপণ ও যত্ন নিতে পারি, তবে এই আম গাছটিই আমাদেরকে ফরমালিনমুক্ত আমের যোগান দিবে। আমাদের প্রত্যেকের উচিত নিজের বাড়িতে ফল গাছ লাগানো। কারণ আমরা বাজার থেকে যেসব ফল ক্রয় করি তার সবই ফরমালিন দেয়া। হয়তো কোনোটা কম ও কোনোটা বেশি। কিন্তু নিজের বাড়ির উঠানে থাকা গাছের ফল সম্পূর্ণ বিষমুক্ত। তাই আসুন সকলে মিলে গাছ লাগাই এবং পরিবেশ বিপর্যয়ের হাত থেকে এই দেশকে রক্ষা করি। তিনি কার্বন নিউট্রলের জন্যে প্রত্যেককে বেশি করে গাছ লাগানোর প্রতি আহ্বান জানান।
মাদকের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি শিক্ষার্থীদের নিজেদের ঘরকে মাদকমুক্ত করার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানান। কারণ, মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের কারণে পরিবারগুলোর সামাজিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেক-এর সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম খান, সিনিয়র জোনাল ব্যবস্থাপক আ. মান্নান, এলাকা ব্যবস্থাপক শহিদুল ইসলাম ও রূপসা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত দে।
আলোচনা শেষে রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়, রূপসা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপসা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে আম গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।







