প্রকাশ : ২০ জুন ২০২৬, ২৩:০৭
বড়ো পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখানোর আয়োজনে মোশারফ ফাউন্ডেশন
ব্রাজিলের জয়ে সমর্থকদের উচ্ছ্বাস

ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে চাঁদপুর। ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছে চাঁদপুরের ব্রাজিল সমর্থকরা। ম্যাচ শেষে বিজয় উদযাপনে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন ফুটবলপ্রেমীরা।চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এলইডি স্ক্রিনে বড়ো পর্দায় বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখাতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করে মোশারফ ফাউন্ডেশন। খোলা মাঠে শত শত দর্শক একত্রিত হয়ে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে খেলা দেখতে আসা দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশ ধারণ করে। এ সময় মোশারফ ফাউন্ডেশনের পক্ষ থেকে খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের কুইজ প্রতিযোগিতার মাধ্যমে জার্সি উপহার দেয়া হয়।
|আরো খবর
খেলা দেখতে আসা ফুটবলপ্রেমী রাকিব হোসেন বলেন, এতো বড় পর্দায় খেলা দেখার আনন্দ অসাধারণ। মনে হয়েছে যেনো আমরা স্টেডিয়ামেই বসে খেলা দেখছি। ব্রাজিলের জয়ে আনন্দটা আরও বেড়ে গেছে।
আরেক সমর্থক সজীব মল্লিক বলেন, চাঁদপুরে এ ধরনের আয়োজন খুব কম দেখা যায়। বন্ধুদের সঙ্গে একসাথে খেলা দেখে অনেক ভালো লেগেছে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
ব্রাজিল সমর্থক নাঈম আহমেদ বলেন, ব্রাজিলের আক্রমণাত্মক খেলা আমাদের মুগ্ধ করেছে। দলের জয়ে আমরা খুবই আনন্দিত। বড়ো পর্দায় খেলা দেখার সুযোগ করে দেয়ায় আয়োজকদের ধন্যবাদ।
স্থানীয় দর্শকরা জানান, বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য জানান, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও বিনোদনের সুযোগ সৃষ্টি করে। তাই বিশ্বকাপ উপলক্ষে সাধারণ মানুষের জন্যে উন্মুক্তভাবে বড়ো পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বকাপের প্রতিটি দলের খেলা এই বিশাল এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, এমন আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা প্রশংসার দাবিদার। ম্যাচ শেষে উপস্থিত দর্শকরা এই সুন্দর আয়োজনের জন্যে মোশারফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইনের প্রতি ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।








