শনিবার, ২০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ জুন ২০২৬, ০০:০২

চাঁদপুরের প্রধান সমস্যা যানজট নিরসনে নানা প্রস্তাব অংশীজনদের

বাস স্ট্যান্ড ও কোর্ট স্টেশন সরিয়ে নেয়া এবং ইচলীতে ব্রীজ নির্মাণ বিষয়ে ঐকমত্য

১১ সদস্যবিশিষ্ট যানজট নিরসন কমিটি গঠনসহ স্বল্প ও দীর্ঘমেয়াদী সুপারিশমালা উত্থাপন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বাস স্ট্যান্ড ও কোর্ট স্টেশন সরিয়ে নেয়া এবং ইচলীতে ব্রীজ নির্মাণ বিষয়ে ঐকমত্য

চাঁদপুর শহরের প্রধান সমস্যা যানজট। শহরের তুলনায় অতিরিক্ত বৈধ-অবৈধ যানবাহন, ট্রাফিক স্বল্পতাসহ নানা কারণে অধিকাংশ সময় শহরের মানুষ যানজটে চরম ভোগান্তির শিকার হয়। বিশেষ করে স্কুল, কলেজ ও অফিস চলাকালীন শহরজুড়ে তীব্র যানজট লেগেই থাকে। এই যানজটের কারণে বেশি সমস্যায় পড়েন ঢাকামুখী লঞ্চযাত্রীসহ বিভিন্ন এলাকা থেকে হাসপাতালে আসা রোগীরা। এর সমাধানে নানা ধরনের কর্মসূচি নিয়ে স্থানীয়দের নিয়ে সভা-সমাবেশ অনুষ্ঠিত হলেও এই যানজট নিরসন করা যাচ্ছে না।

চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে 'শহরের যানজট পরিস্থিতি ও সম্ভাব্য করণীয়' শীর্ষক বিশেষ সেমিনারের আয়োজন করেন, যেখানে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, পৌর কর্তৃপক্ষ ও সুধীবৃন্দ অংশ নেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে যানজট নিরসন নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা।

সেমিনারে অংশ নেয়া অংশীজনরা জানান, শহরের যানজট নিরসনের জন্যে এভাবে আলোচনায় না থেকে ট্রাফিক ব্যবস্থা বাড়ানোসহ যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে তা দ্রুত বাস্তবায়ন করলেই যানজট থেকে শহরকে মুক্ত করা যাবে।

সেই সাথে শহরের বাসস্ট্যান্ড ও চাঁদপুর কোর্ট স্টেশন শহর থেকে সরিয়ে নেয়া এবং ডাকাতিয়া নদীর ইচলী এলাকায় একটি ব্রীজ নির্মাণ করার প্রস্তাবে সবাই একমত পোষণ করেন। এতে করে শহরের প্রায় ২০ থেকে ২৫ ভাগ যানজট কমে আসবে বলে সেমিনারে তুলে ধরা হয়।

এই যানজটের জন্যে চিহ্নিত করা হয় শহরের বাবুরহাট, ওয়্যারলেস মোড়, ডিসি অফিস এলাকা, বাসস্ট্যান্ড, ইলিশ চত্বর, চিত্রলেখা মোড়, মিশন রোড, ছায়াবাণী মোড়, বায়তুল আমিন চত্বর, কালীবাড়ি মোড়, পালবাজার ও আশেপাশের এলাকাকে। কিন্তু পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা না থাকায় এসব এলাকা যানজটমুক্ত করা যাচ্ছে না। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে : অবৈধ যানবাহন, অতিরিক্ত সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোবাইক এবং ফুটপাত ও রাস্তা ভ্যানচালক ও হকারদের দখলে থাকা।

এ সময় জেলা প্রশাসন কর্তৃক ১১ সদস্য বিশিষ্ট যানজট নিরসন কমিটি গঠনসহ যানজট নিরসনে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সুপারিশমালাসহ নানা ধরনের প্রস্তাবনা তুলে ধরেন।

স্বল্পমেয়াদী সুপারিশসমূহ হচ্ছে : সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ নিশ্চিতকরণ, মালবাহী গাড়ির লোড-আনলোড রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত করা, পৌরসভার অটোবাইক এবং অটো চালকের যথাক্রমে রেজিস্ট্রেশন নাম্বার, চালকের নির্দিষ্ট ড্রেস নিশ্চিত করা, লঞ্চঘাট থেকে কোড়ালিয়া (মাতব্বর বাড়ির সামনে) হয়ে মোল্লা বাড়ি রোড হয়ে বাসস্ট্যান্ডের উত্তর পশ্চিম পাশ দিয়ে স্বর্ণখোলা রোডের সংযোগ রক্ষা করে কুমিল্লা রোড পর্যন্ত সড়ক সম্প্রসারণ করা, সড়কে যথাযথ ট্রাফিক সাইন নিশ্চিত করা এবং রাস্তার বাম পাশে নিরাপদ স্থানে যাত্রী উঠানামা নিশ্চিত করা।

দীর্ঘমেয়াদী সুপারিশসমূহ হচ্ছে : লঞ্চঘাট থেকে উত্তর দিকে (নদীর পাড়) হয়ে ৯নং ওয়ার্ডের শেষ সীমানা (বেপারী বাড়ি)'র পূর্ব দিক দিয়ে বিলের মাঝ দিয়ে বিষ্ণুদী রোডের সাথে সংযোগ সড়ক (২.৫ কি.মি.), বেপারী বাড়ি হতে বিষ্ণুদী রোডস্থ সাঁতারু বাদশার মিজি বাড়ি সংলগ্ন জিটি রোডের তেঁতুলতলা

কাসিম বাজার (বিটি রোড)-কাঠের পুল- বাবুরহাট সড়ক সংস্কার পূর্বক সম্প্রসারণ এবং তেঁতুলতলা সেনের দিঘির পাড় হতে বাক প্রতিবন্ধী স্কুল সংলগ্ন মঠখোলা সড়ক সংস্কারপূর্বক সম্প্রসারণ,

তেঁতুলতলা সেনের দিঘির পাড় হতে কুমিল্লা সড়ক পর্যন্ত সংস্কারপূর্বক সম্প্রসারণ, শহরের কালীবাড়ি মোড় থেকে ফরিদগঞ্জ সড়ক পর্যন্ত (রেললাইনের দক্ষিণ পাশ দিয়ে) ৩ কি.মি. নতুন রাস্তা তৈরি (পৌরসভার প্রকল্প), ওয়ান মিনিট থেকে প্রেসক্লাব সড়ক সংস্কার ও প্রশস্তকরণ এবং ইচলীতে ডাকাতিয়া নদীর ওপর ব্রীজ নির্মাণ।

সেমিনারে উপস্থিত হয়ে আরও যারা বিভিন্ন প্রস্তাবনা রাখেন, তারা হলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী

হিমাদ্রি খীসা, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম জামিউল হিকমা, চাঁদপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী, বিআরটিএ'র উপ-পরিচালক আব্দুল্লাহ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, জেলা বিএনপি ও বাস মালিক সমিতি নেতা ফেরদৌস আলম বাবু, আক্তার হোসেন মাঝি, অধ্যাপক মোশারফ হোসেন, সাংবাদিক আলম পলাশ, ফারুক আহম্মদ, ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নুরুল আমিন খান, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারণ সম্পাদক এমএ লতিফ, সিএনজি মালিক সমিতির নেতা লিটন মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়