প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২২:৩৮
পুরাণবাজারে পুলিশের অভিযানে হাতেনাতে মাদক ও জুয়ার সরঞ্জামসহ ১১ জন আটক

চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা নদীর পাড়ে মোড় এলাকার একটি টিনশেড ঘর থেকে মাদক ও জুয়ার সরঞ্জামসহ ১১জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে স্থানীয় যুবদলের সাবেক নেতা বাদশা হাওলাদারও রয়েছে। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) রাতে হরিসভা মন্দির এলাকার একটি অটো-গ্যারেজের পাশের টিনশেড ঘরে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় ১১জনকে জুয়া খেলার সামগ্রীসহ আটক করা হয়। একই সময় মাদক ইয়াবা খাওয়ার সরঞ্জামও উদ্ধার করা হয়।
|আরো খবর
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল কবীরের নেতৃত্বে সদর মডেল থানা ও পুরাণবাজার ফাঁড়ি পুলিশের যৌথ পরিচালিত অভিযানে অংশ নেন চৌকস পুলিশ সদস্য টিম। স্থানীয়রা জানান, ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে বাদশা হাওলাদার নামে এক ব্যক্তি নদীর পাড়ের ওই ঘরটিতে জুয়া এবং মাদকের আসর পরিচালনা করে থাকেন। তিনি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জুয়ার বোর্ড চালিয়ে আসছেন। তবে জুয়ার আসর থেকে আটক হওয়া অধিকাংশ অটো চালক ও জেলে বলে জানা যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে থানা পুলিশ জানিয়েছে।








