প্রকাশ : ১১ জুন ২০২৬, ২৩:২৬
মেসির জাদুতে আবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, খেলাধুলায় এগিয়ে যাবে তরুণ সমাজ
---ফরহাদ ইয়াসিন রাসেল

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির মনোমুগ্ধকর খেলা এবং জাদুকরি নৈপুণ্যে আবারও বিশ্বকাপ শিরোপা জিতবে আর্জেন্টিনা—এমন আশাবাদ ব্যক্ত করেছেন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা ফরহাদ ইয়াসিন রাসেল।
|আরো খবর
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ ঘরে তুলবে। তাদের নান্দনিক ফুটবল সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে। ফরহাদ ইয়াসিন রাসেল জানান, বিশ্বকাপ ফুটবলের আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং আশিকাটি ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষ যেন একসঙ্গে খেলা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে তিনি কয়েকটি স্থানে প্রজেক্টরের ব্যবস্থা করেছেন। এছাড়া বিভিন্ন এলাকায় খেলা দেখার আয়োজন বাস্তবায়নে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা প্রদান করেছেন।
তিনি আরও বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা দেয়। আমি বিশ্বাস করি, খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণরা আরও এগিয়ে যাবে, দেশের সুনাম বৃদ্ধি করবে এবং উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আসন্ন বিশ্বকাপকে তরুণ প্রজন্মের জন্যে নতুন প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বকাপের উন্মাদনায় আমরা নিজেরাও ফুটবল খেলায় উৎসাহিত হবো। যুবকদের মাঠমুখী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এতে দেশের ফুটবলের ভিত্তি আরও শক্তিশালী হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আর্জেন্টিনা তাদের দুর্দান্ত পারফরম্যান্স ও আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে আবারও বিশ্বকাপ জয় করবে। একই সঙ্গে বাংলাদেশের ফুটবলও একদিন আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করবে। তিনি জানান, তিনি নির্বাচিত হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।







