প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৬:১৭
নারায়ণপুর ডিগ্রি কলেজে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে আলোচনা সভা
মাদক নিয়ন্ত্রণে সফলতা পেতে সামাজিক সচেতনতার বিকল্প নেই
-------- ইউএনও কে এম ইশমাম

মতলবের নারায়ণপুর ডিগ্রি কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর-এর আয়োজনে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) দুপুর ১২ টায় কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপ্রধানে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, জীবনে হতাশ হওয়া যাবে না। কারণ অনেকেই হতাশা থেকে মাদকদ্রব্য গ্রহণ করে থাকে। মাদকের শেষ পরিণতি হলো একটা পরিবার ধ্বংস করে মৃত্যু। তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে সফলতা পেতে আইনের পাশাপাশি সামাজিক আন্দোলনের বিকল্প নেই।
|আরো খবর
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুর-এর সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা মাদককে কেবল না বলেই দায়িত্ব শেষ করবো না, তরুণ প্রজন্মকে আজ সামাজিকভাবে মাদক প্রতিরোধে শপথ নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মেহেদি হাসান, মতলব দক্ষিণ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশা রায়,
মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ছাইফুর রহমান, নারায়ণপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ভুঁইয়া ও বিদ্যোৎসাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন মিঞা।








