প্রকাশ : ০৯ জুন ২০২৬, ২২:০৩
চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনকে গতিশীল করতে সেমিনার

স্থবির হয়ে পড়া চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। এ উপলক্ষে মঙ্গলবার (৯ জুন ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘সৃজনশীল চাঁদপুর গঠনে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আগামী ১২ জুন থেকে চাঁদপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়ে উঠবে। এরই ধারাবাহিকতায় চাঁদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠানসহ তিন দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া উপজেলাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সেমিনারে সাংস্কৃতিক কার্যক্রমকে চলমান রাখতে শিল্পকলা একাডেমিভিত্তিক সংস্কৃতি চর্চা বাড়ানো, প্রাথমিক বিদ্যালয় ও পাড়া-মহল্লাভিত্তিক নিয়মিত সংস্কৃতি চর্চা ও প্রতিযোগিতার আয়োজন করাসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। এর আগে ‘সৃজনশীল চাঁদপুর গঠনে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা ও আমাদের করণীয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি সংগঠক লিটন ভুঁইয়া। এ বিষয়ে আলোচনা করেন সংস্কৃতি সংগঠক রফিক আহমেদ মিন্টু।
মুক্ত আলোচনায় অংশ নেন নাট্যশিল্পী শরীফ চৌধুরী, সংগঠক ফারুক আহাম্মদ, সাংবাদিক রহিম বাদশা, আলম পলাশ, এমআর ইসলাম বাবু, শাওন পাটোয়ারী, কণ্ঠশিল্পী মৃনাল সরকার, চিত্রশিল্পী অভিজিত রায়, কণ্ঠশিল্পী বিচিত্রা সাহা, রুমা সরকার প্রমুখ।








