প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৯:০৬
নন্দনপুর উবি'র এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ডা. এম এ তাহের

কচুয়া উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়’-এর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গরিবের ডাক্তার হিসেবে খ্যাত ডা. এম এ তাহের। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের আলীয়ারা গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ২০০১ সালে কৃতিত্বের সঙ্গে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৩ সালে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১০ সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চাঁদপুরের মতলব (দক্ষিণ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। দীর্ঘ চার বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পর ২০১৮ সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তীতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন ধরে তিনি ডাক্তারি পেশার পাশাপাশি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। তাঁর এই নতুন দায়িত্ব লাভের পর স্থানীয়রা জানান, কচুয়ার স্বনামধন্য এ বিদ্যাপীঠের সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও গতিশীল করাই হবে ডা. এম এ তাহেরের মূল লক্ষ্য। তারা চান, প্রতিষ্ঠানটি পুরো কচুয়ায় তার পূর্বের সুনাম আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিক।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, একজন দক্ষ সংগঠক হিসেবে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সার্বিক অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
নবনির্বাচিত সভাপতি ডা. এম এ তাহের এক প্রতিক্রিয়ায় বলেন, ‘অত্র প্রতিষ্ঠানের অতীতের গৌরব ধরে রেখে বিদ্যালয়টিকে আরও অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যে আমি সর্বাত্মক চেষ্টা করবো।’ এছাড়া তিনি বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রেখে ভালো ফলাফল অর্জনের জন্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধী সমাজের সহযোগিতা কামনা করেন।








