শনিবার, ০৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৪:৩৬

বোগদাদ ট্রান্সপোর্টের যাত্রীসেবা প্রশ্নবিদ্ধ !

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
বোগদাদ ট্রান্সপোর্টের যাত্রীসেবা প্রশ্নবিদ্ধ !
ক্যাপশন: বোগদাদ ট্রান্সপোর্টের একটি বাসের বক্সের পাশে এভাবে গ্যাস সিলিন্ডার স্থাপন করা হয়েছে। ছবিটি গত বুধবার দুপুরে দোয়াভাঙ্গা এলাকা থেকে তোলা। ছবি : চাঁদপুর কণ্ঠ।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী দুটি ট্রান্সপোর্টের একটি বোগদাদ ট্রান্সপোর্ট। পুরানো এই ট্রান্সপোর্টের একাধিক ঘটনায় যাত্রীদের কাছে এর সেবা এখন প্রশ্নবিদ্ধ হয়ে দেখা দিয়েছে। তেলে চালিত গাড়ির চেয়ে সিএনজিতে রূপান্তরিত গাড়ির ভাড়া সরকারি নিয়মে কম, কিন্তু বোগদাদ তেলে আর গ্যাসে চালিত ভাড়া সমানই নিচ্ছে। অপরদিকে যে কোনো পরিবহনের ইঞ্জিনকে তেল থেকে গ্যাসে রূপান্তর করার আগে ও পরে সরকারি একাধিক নিয়ম বাধ্যতামূলকভাবে মানা বাঞ্ছনীয়। এ ক্ষেত্রে বোগদাদ ট্রান্সপোর্টের গ্যাসে রূপান্তরকৃত গাড়িগুলো বিধি মেনে করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তবে আইদি পরিবহনের কোনো গাড়ি গ্যাসে রূপান্তর করা হয়নি বলে একাধিক চালকের সাথে কথা বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়,

সম্প্রতি সরকারিভাবে জ্বালানি তেলের দাম বাড়ার পরে বোগদাদ আর আইদি যৌথভাবে ভাড়া বাড়ায়। কিন্তু সরকার গ্যাসের দাম বাড়ায়নি। অথচ গ্যাস চালিত গাড়ির ভাড়া আর তেলে চালিত ভাড়া সমান আদায় করছে বোগদাদ ট্রান্সপোর্ট।

সরজমিনে বুধবার (৩ জুন ২০২৬) দুপুরে দোয়াভাঙ্গা এলাকায় আইদি ও বোগদাদ পরিবহনের একাধিক যাত্রীবাহী বাসের চালক ও সুপারভাইজারদের সাথে কথা হয়। এ সময় চালক ও সুপারভাইজারদের তথ্যমতে জানা গেছে, বোগদাদ ট্রান্সপোর্টের একাধিক গাড়ি রয়েছে গ্যাসে রূপান্তরিত। তাৎক্ষণিক সড়কে আইদি পরিবহনে গ্যাসে রূপান্তরিত কোনো বাস পাওয়া যায়নি।

সরজমিনে বোগদাদ পরিবহনের কুমিল্লা-ব ১১-০১৩৮ ও ১১-০০৮৭ নম্বরের দুটি বাস গ্যাসে রূপান্তরিত দেখা গেছে। এর মধ্যে একটি গাড়ির বাম পাশের মাঝে বক্সের ভেতরে চেচিস ঘেঁষে একাধিক সিলিন্ডার, আরেক গাড়ির পেছনে নিচে গ্যাস সিলিন্ডার দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি বিধি অনুযায়ী পেট্রোল বা অকটেনচালিত যানবাহনকে গ্যাসে রূপান্তরের পর রেজিস্ট্রেশন সনদে জ্বালানির ধরণ পরিবর্তন বাধ্যতামূলক নয়, তবে গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে সঠিক সনদ ও কাগজপত্রাদি সাথে রাখতে হবে। সেটা অবশ্যই সরকারের রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি বা বিআরটিএ অনুমোদিত ওয়ার্কশপ থেকে রূপান্তর করতে হবে। এছাড়া গাড়িটি যদি আগে ডিজেল চালিত হয়ে থাকে, তবে অবশ্যই বিআরটিএ অফিসে গিয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে জ্বালানির ধরণ পরিবর্তন বা সংশোধন করতে হবে। এ ক্ষেত্রে বোগদাদ ট্রান্সপোর্ট কতোটুকু নিয়ম রক্ষা করে রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে খতিয়ে দেখতে যাত্রীরা দাবি করেছেন।

ঘটনাস্থলে কুমিল্লামুখী বোগদাদ বাসে থাকা একাধিক যাত্রী তাৎক্ষণিক জানান, আমরা জানি না ঠিক কোন্ নিয়মে বোগদাদ ভাড়া নিচ্ছে, আর কোন্ নিয়ম রক্ষা করে গাড়িকে গ্যাসে রূপান্তর করা হয়েছে। সাধারণ মানের গ্যাস সিলিন্ডার আর অনুমোদনহীন ওয়ার্কশপে রূপান্তরের কাজ হলে যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায় কে নিবে বলে ক্ষোভ প্রকাশ করেন বোগদাদ বাসের একাধিক যাত্রী।

বোগদাদ ট্রান্সপোর্টের তেলচালিত বাসের চালক তৌহিদুল ইসলাম ও গ্যাসচালিত বাসের সুপারভাইজার শাকিল বলেন, আমাদের ক'টি গ্যাসচালিত বাস রয়েছে।

বোগদাদ ট্রান্সপোর্টের ম্যানেজার জসিম উদ্দিন জানান, আমাদের ক'টি বাস সিএনজিতে রূপান্তরিত হয়েছে। আমরা আগেই নির্ধারিত ভাড়ার কম নিচ্ছি, তাই সব গাড়ির ভাড়া এক।

চাঁদপুর ট্রাফিক পুলিশের প্রধান প্রবীর দাস জানান, তেলে চালিত ভাড়ার চেয়ে গ্যাসে চালিত গাড়ির ভাড়া কম, আর এটা সরকারি বিধি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়