প্রকাশ : ০২ জুন ২০২৬, ০১:২৮
চাঁদপুর পৌরসভার ৬ ঘণ্টার ম্যাজিক
পনর ওয়ার্ডের কোরবানির বর্জ্য অপসারণ করলো চার শ’ পরিচ্ছন্নতাকর্মী

পবিত্র ঈদুল আজহায় চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের কোরবানি পশুর বর্জ্য শতভাগ অপসারণ করেছে চাঁদপুর পৌরসভা। পৌরসভার প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিনের নির্দেশে পৌরবাসীর সহযোগিতায় মাত্র ৬ ঘণ্টার মধ্যেই এ বছর কোরবানির পশুর বর্জ্য অপসারণের মতো একটি চ্যালেঞ্জিং কাজ সাফল্যের সাথে শেষ করেছে চাঁদপুর পৌরসভা। ঈদের দিন বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে পৌরসভার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার অলিগলিতে পশু জবেহ করা বর্জ্য অপসারণ করে পৌর কর্তৃপক্ষ।
|আরো খবর
ছবির ক্যাপশন : চাঁদপুর পৌর এলাকার বর্জ্য অপসারণ চিত্র।
পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদের নামাজ আদায়শেষে বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকাল থেকে ত্যাগের মহিমা ও সৃষ্টিকর্তার নৈকট্যলাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ বছর পৌরসভার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার অলিগলিতে প্রায় ৩ হাজার পশু জবেহ করা হয়। এসব পশুর বর্জ্য অপসারণ কাজ দুপুর ১টা থেকে শুরু হয় এবং মাত্র ৬ ঘণ্টার মধ্যেই সম্পন্ন হয়। এ কাজে পৌরসভার প্রায় ৪শ’ পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালন করেন।
পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মো. শাহজাহান খান জানান, কোরবানির বর্জ্য অপসারণের কাজে ১টি ফেলুদার, ১০টি ট্রাক, ৯০টি ভ্যান এবং ২৫টি ট্রলি নিয়োজিত ছিলো। পাশাপাশি প্রায় সাড়ে ৩ হাজার কেজি ব্লিচিং পাউডার ছিটিয়ে পৌর এলাকা দুর্গন্ধমুক্ত রাখা হয়। ২৪ ঘণ্টা সচল ছিলো নিয়ন্ত্রণ কক্ষ।
ছবির ক্যাপশন : চাঁদপুর পৌর এলাকার বর্জ্য অপসারণ চিত্র।
ঈদের দিন সন্ধ্যায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির পাশে কিংবা মূল সড়কে তেমন কোনো বর্জ্য নেই। পূর্ব নির্ধারিত সময়ের আগেই শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত হয়েছে।
চাঁদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন বলেন, পৌরবাসীর সচেতনতার কারণে বর্জ্য ব্যবস্থাপনা সহজ হয়েছে। প্রায় ৪শ’ পরিচ্ছন্নতাকর্মীর নিরলস পরিশ্রমে মাত্র ৬ ঘণ্টার মধ্যেই পুরো পৌর এলাকা পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা সম্ভব হয়েছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
ডিসিকে /এমজেডএইচ










