প্রকাশ : ০১ জুন ২০২৬, ২০:০৯
বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ, চালক আটক
শাহরাস্তিতে ডাম্প ট্রাকের চাপায় একজন নিহত
বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ, চালক আটক

L
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাংলা বাজার এলাকায় বালু বোঝাই ( চট্ট মেট্রো শ ১১- ২৫৩৪) ডাম্প ট্রাকের চাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। রোববার (৩১ মে ২০২৬) রাত ১০ টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে কাজ শেষ শাহরাস্তি পৌর এলাকার ভাটনিখোলা বেপারী বাড়ির পারভেজ হোসেন, মো. হাকিম ও রবিউল বাড়ি ফেরার সময় দ্রুত গতির একটি বালু বোঝাই ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এ সময় তারা তিনজন গুরুতর আহত হন। স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে তাদেরকে কুমিল্লায় প্রেরণ করেন। কুমিল্লা থেকে গুরুতর আহত অবস্থায় মো. পারভেজ হোসেন (১৯)কে ঢাকায় নেয়ার পথে রাত ২ টায় তিনি মৃত্যুবরণ করেন। এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাক ও চালককে আটক করে সড়ক অবরোধ করে রাখে। প্রায় কয়েক ঘন্টার অবরোধ শেষে পুলিশের হস্তক্ষেপে ভোর রাতে সড়ক অবরোধ তুলে নেয়া হয়। সংঘর্ষ ও ভাংচুর এড়াতে সড়ক থেকে প্রায় ২২টি ডাম্প ট্রাক হেফাজতে নেয় শাহরাস্তি থানা পুলিশ। এ ঘটনায় শাহরাস্তি থানায় মামলা দায়ের করা হয়েছে। ট্রাক চালক নজরুল ইসলাম হেলালকে গ্রেফতার দেখানো হয়েছে। শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাম্প ট্রাকগুলো জব্দ করা হয়েছে। ট্রাক মালিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। এছাড়াও ঘাতক ডাম্প ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে।
6
প্রসঙ্গত, গত ২৪ মে একই স্থানে বালু বোঝাই ডাম্প ট্রাক চাপায় ব্যবসায়ী রবিউল আলমও প্রাণ হারান।








