শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৭:৫১

ঐতিহ্যবাহী বাবুরহাটে বসছে জেলার সর্ববৃহৎ গরুর হাট

নিরাপত্তা, পরিবহন ও আধুনিক সুবিধায় প্রস্তুত জমজমাট পশুর বাজার

আব্দুল্লাহ আল মামুন।।
ঐতিহ্যবাহী বাবুরহাটে বসছে জেলার সর্ববৃহৎ গরুর হাট

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ২৪ মে ২০২৬ (রোববার) ও ২৬ মে (মঙ্গলবার) চাঁদপুর শহরতলীর বাবুরহাটে বসতে যাচ্ছে জেলার সর্ববৃহৎ গরুর হাট। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক প্রস্তুতি ও আধুনিক ব্যবস্থাপনায় হাটটি আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে হাট পরিচালনার সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হাটের ইজারাদার মো. জাহাঙ্গীর শেখ জানান, বাবুরহাটের এই গরুর হাট বহু বছরের ঐতিহ্য বহন করে আসছে। ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে উন্নত জাতের গরু ও অন্যান্য কোরবানির পশু এই হাটে আসবে। ক্রেতা ও বিক্রেতাদের জন্যে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “হাটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। ফলে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারবেন।”

যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও বাবুরহাটের অবস্থান অত্যন্ত সুবিধাজনক। চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় জেলার বিভিন্ন উপজেলা এবং দেশের নানা প্রান্ত থেকে সহজেই হাটে আসা যায়। এছাড়া পশু পরিবহনের জন্যে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ক্রেতারা কেনা পশু নিরাপদে গন্তব্যে পৌঁছে নিতে পারেন।

হাটে আগত বেপারীদের জন্যে থাকা-খাওয়ার সুব্যবস্থা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পর্যাপ্ত আলো, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং যানবাহন পার্কিং সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

আয়োজকরা জানান, ক্রেতা ও বিক্রেতাদের উৎসাহিত করতে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।

স্থানীয়দের মতে, বাবুরহাটের এই পশুর হাট শুধু চাঁদপুর নয়, আশপাশের জেলার মানুষের কাছেও একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় বাজার হিসেবে পরিচিত। প্রতিবছর হাজার হাজার পশুর বেচাকেনার মাধ্যমে এই হাটে কোটি কোটি টাকার লেনদেন হয়।

আয়োজকরা আশা করছেন, সুষ্ঠু ব্যবস্থাপনা, নিরাপত্তা ও উন্নত সুযোগ-সুবিধার কারণে এবারও বাবুরহাটের গরুর হাটে ব্যাপক ক্রেতা-বিক্রেতার সমাগম হবে এবং এটি ঈদুল আজহাকে ঘিরে অঞ্চলের অন্যতম বৃহৎ পশুর বাজারে পরিণত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়