প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৮
তীব্র তাপে পুড়ছে চাঁদপুর
সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস

চাঁদপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে করে দিনের বেলায় তীব্র গরমে জনজীবনে অস্বস্তি বেড়েছে। অন্যদিকে জেলায় ১ ঘণ্টা পরপর লোডশেডিংয়ের অভিযোগ করছেন শহরবাসী। আবার গ্রামে লোডশেডিং হচ্ছে আরও বেশি। এদিন দুপুর ৩টায় বাতাসের আর্দ্রতা ৫২ শতাংশ ছিলো, ফলে ভ্যাপসা গরমে মানুষের ভোগান্তি আরও বেড়েছে। প্রয়োজন ছাড়া মানুষকে বাইরে বের না হওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যবিভাগ।
|আরো খবর
তীব্র গরম ও লোডশেডিংয়ে খোলা জায়গায় কাজ করা শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন। অনেকেই ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিচ্ছেন এবং ঠাণ্ডা পানি ও শরবত পান করে গরম থেকে স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন।
আবহাওয়া অধিদপ্তরের চাঁদপুর কার্যালয়ে কর্মরত আবহাওয়াবিদ শাহ্ মুহাম্মদ শোয়ায়েব জানান, শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) চাঁদপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বর্ধিত পাঁচ দিনে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাতের প্রভাবে তাপমাত্রা আরো কমে যাবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ডিসিকে /এমজেডএইচ








