প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২০:৪৯
উইকিপিডিয়া পড়ে ঢাকা অঞ্চলের কুইজ চ্যাম্পিয়ন চাঁদপুরের দুই শিক্ষার্থী

উইকিপিডিয়ার বাংলাদেশের উদ্যোগে সম্পন্ন হয়েছে ঢাকা বিভাগের উইকি স্কলার ২০২৬ কুইজ প্রতিযোগিতা। এই আয়োজনের লক্ষ্য ছিলো শিক্ষার্থীদের মধ্যে মুক্তজ্ঞান শেখার আগ্রহ বাড়ানো এবং তাদের চিন্তা ও জানার আগ্রহকে আরও শক্তিশালী করা। শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এখানে ঢাকা অঞ্চলের নয়টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুটি পর্বের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে 'ক' গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আলিফ। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী কেএম তারজিন কবির এবং শিহাব আহমেদ। 'খ' গ্রুপে নবম ও দশম শ্রেণীর চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাহেলা মেহজাবিন ছোঁয়া। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী নাভেল আল জিহাদ এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজ বিন সাহাদাত। উইকিপিডিয়ার বাংলাদেশের প্রোগ্রামের কো-অর্ডিনেটর মাসুম আল হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন অগ্র টিমের সদস্য ও একুশে পদক বিজয়ী শাখাওয়াত মোস্তফা ও ড্যাফোডিল ফ্যামিলির নির্বাহী পরিচালক কেএম হাসান রিপন। উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে উইকিপিডিয়ার উপর কর্মশালা পরিচালনা করেন বাংলা উইকিপিডিয়া ফাউন্ডেশন এর ট্রাস্ট এন্ড সেফটি টিমের সদস্য নাহিদ সুলতান। ঢাকা উইকিপিডিয়া সম্প্রদায়ের সহযোগিতায় আয়োজিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উইকিপিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উইকিপিডিয়া স্টুয়ার্ট ইয়াহিয়া, ঢাকা উইকিপিডিয়া সম্প্রদায়ের হাসনাত আব্দুল্লাহ, তামিসা তাবাসসুম, ইশতিয়াক আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।
|আরো খবর
সূত্র : আরটিভি







