প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১২:৩১
মালদ্বীপে ছাদ থেকে পড়ে হাজীগঞ্জের হানজালার করুণ মৃত্যু

হাজীগঞ্জের হানজালা (৩০) নামের তরতাজা এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। মালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ বাগানে পানি দেয়ার সময় সেখান থেকে পড়ে যায়। এর একদিন পর গত শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আড়াইটার দিকে মালদ্বীপের মালে শহরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
|আরো খবর
খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মালের সবধেলি মাগুতে একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদে থাকা গাছে পানি দিচ্ছিলেন হানজালা। হঠাৎ গাছগুলোর সুরক্ষায় একটা দড়ি একপাশ থেকে অন্যপাশে বাঁধার মুহূর্তে পা ফসকে তিনি ১০ তলা ভবনের উপর থেকে অন্য একটি আবাসিক ভবনের টিনের চালের উপর পড়ে গুরুতর আহত হন। ঘটনার পর পর উদ্ধারকারী টিম এসে তাকে উদ্ধার করলে স্থানীয়রা মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করান। এর পরের দিন শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নিহত হানজালার নিকটাত্মীয় মালদ্বীপ প্রবাসী সেলিম হোসেন ও মাসুদ জানান, হানজালা মালদ্বীপের একটি বৈধ কোম্পানিতে কর্মরত ছিলেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের কাছে হানজালার মরদেহ দ্রুত দেশে পাঠানোর সহযোগিতা কামনা করা হয়েছে।
হানজালার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন বলেন, আমরা শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে হানজালার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি। চিকিৎসক তখন জানিয়েছেন, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। পরবর্তীতে রাত ২টার দিকে হানজালার মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে আমাদের জানানো হয়।








