প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৭:৪৯
ফরিদগঞ্জ পৌরসভার নগর উন্নয়ন কমিটির সভা

ফরিদগঞ্জ পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আই.ইউ.জি.আই.পি.)-এর আওতায় নগর সমন্বয় কমিটি (টি.এল.সি.সি.)-এর সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৌর কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আধুনিক পৌরসভা বিনির্মাণে পৌর এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ, লাইটিং ও বিদ্যুৎ ব্যবস্থা এবং পৌর নাগরিকদের সকল সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন বক্তারা। আগামী বর্ষা মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়ার জন্যে সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী দিনগুলোতে অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন ওয়ার্ডের সড়কগুলোর দুরবস্থা চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থাগ্রহণের সিদ্ধান্ত হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর সহায়ক কমিটির সদস্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান ইমরুজ, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির, টিএলসিসির সদস্য হাসিনা আক্তার, মাহমুদুল হাসান মঞ্জু প্রমুখ।








