প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ২১:৩৫
মতলব উত্তরে নারী দিবস পালিত
প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা ও আইনি অধিকার প্রতিষ্ঠা করা অপরিহার্য
---ইউএনও মাহমুদা কুলসুম মনি

'আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (৯ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
|আরো খবর
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা আক্তার, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, ফারুক হোসেন, স্বপ্ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আলতাফ হোসেন, প্রজেক্ট অফিসার নাছিমা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নারীর ক্ষমতায়ন, সমঅধিকার এবং কন্যাশিশুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে টেকসই উন্নয়নের জন্য সমাজের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা ও আইনি অধিকার প্রতিষ্ঠা করা অপরিহার্য বলেও জানান।
আলোচনা সভাশেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।








