রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪

ফরিদগঞ্জে ইসলামী আন্দোলনের ৯২ পার্সেন্ট ভোট রয়েছে

..... মকবুল হোসাইন

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জে ইসলামী আন্দোলনের ৯২ পার্সেন্ট ভোট রয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জনসমর্থনের দিক থেকে ৪র্থ অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফরিদগঞ্জের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতাসীন দলের বাইরে যে দু শীর্ষ নেতার বিরুদ্ধে কোনো হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়নি তাদের অন্যতম ইসলামী আন্দোলনের প্রার্থী মকবুল হোসাইন। এক সময়ের আওয়ামী লীগের মিত্র হিসেবে চরমোনাইয়ের সুখ্যাতি থাকলেও শেষের দিকে এসে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে তারা আওয়ামী লীগের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তবে জুলাই বিপ্লবে তাদের অবদান রয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে ফরিদগঞ্জে ৮ জন প্রার্থী হলেও মাত্র ৫ জনই মাঠে রয়েছে। তার একজন ইসলামী আন্দোলনের প্রার্থী । ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মকবুল হোসাইন এ আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন। তিনি নির্বাচন প্রসঙ্গে কথা বলছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম ফরহাদের সাথে।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে আপনি বিজয়ী হবেন?

মকবুল হোসাইন : অবশ্যই।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : জনগণ কেন আপনাকে ভোট দেবে?

মকবুল হোসাইন : এদেশে ৯২ পার্সেন্ট ভোট হলো মুসলমানদের, ৮ পার্সেন্ট সংখ্যালঘুদের। ৫৪ বছর রাষ্ট্রীয়ভাবে আমরা শান্তি পাইনি। কোরআন সুন্নাহ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সকলেই শান্তিতে থাকতে পারবে।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : রাষ্ট্র কাঠামো মেরামতে 'হ্যাঁ' ভোটের গুরুত্ব কতোটুকু?

মকবুল হোসাইন : জুলাই সনদে যা দেখলাম তা যদি হয় তাহলে রাষ্ট্রের জন্যে ভালো হবে।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : স্বাধীনতার ৫৫ বছর পর বাংলাদেশের রাজনীতির গুণগতমান কতটুকু পরিবর্তন হয়েছে?

মকবুল হোসাইন : আমরা গুণগত কোনো মান দেখি না। এই গণতন্ত্র দিয়ে কিছু হবে না। কোরআনি আইন প্রতিষ্ঠা করতে হবে। প্রচলিত গণতন্ত্রের মধ্যে রয়েছে হিংসা, কাটাকাটি, হানাহানি, মারামারি। একজন ক্ষমতায় গেলে আরেকজন ঘরে থাকতে পারে না। দেশের কল্যাণে তারা এক হতে পারে না। কিন্তু দলীয় স্বার্থে কখনো কখনো এক হয়ে যাওয়ার নজির রয়েছে।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : বাংলাদেশের নির্বাচনের একটি স্থায়ী ব্যবস্থা দরকার আছে বলে কি আপনি মনে করেন?

মকবুল হোসাইন : আমার জন্মের পর থেকে এদেশে ভালো নির্বাচন দেখিনি। আমি এ আসনে ৫ বার মনোনয়ন পেয়েছি। এর মধ্যে ২ বার নির্বাচন করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, সেখানে নির্বাচনই ছিলো না। আমি আমার কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখি, শুধু আমার ভোটই রেখেছে, আর বাকি (আমার আত্মীয়-স্বজন, প্রতিবেশী) ভোটগুলো তারা দিয়ে দিয়েছে। এ রকম ভোট আর আমরা চাই না। এর একটা স্থায়ী সামাধান হওয়া উচিত।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : ফরিদগঞ্জে আপনাদের কতো পার্সেন্ট ভোট রয়েছে?

মকবুল হোসাইন : আমি তো মনে করি ৯২ পার্সেন্টই আমাদের ভোট।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনাদের রাজনীতি কতোটুকু জনসম্পৃক্ত?

মকবুল হোসাইন : ইসলামী আন্দোলন এমন একটি দল যারা একেবারেই জনসম্পৃক্ত একটি দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : ‘এক বাক্স' নীতির প্রবর্তক আপনার দল ‘ইসলামী আন্দোলন। শেষ মুহূর্তে আপনারা জোট থেকে বের হয়ে গেলেন। এতে ইসলামী দলের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কঠিন হয়ে গেলো কিনা?

মকবুল হোসাইন : এক বাক্সের প্রণেতা হলেন পীরসাব চরমোনাই। উনার চিন্তা-চেতনা থেকে সেটা আসছে। অনেকেই বলেন, ইসলামী দল হলে আওয়ামী লীগ-বিএনপির সব ভোট আমাদেরই দেবে। কিন্তু বাস্তবতা হলো, এটা একটা ধোঁকা। তারপরও পীরসাব চরমোনাই চিন্তা করলেন, ‘দেখি ইসলামের সব ভোট এক বাক্সে আনা যায় কিনা। এতে সাতটা দল একত্রিত হয়েছে। পরবর্তীতে জামায়াত এসেছে। মওদুদীর এই জামায়াতটা যে বাতেল, এটা ২০০ বছর আগে আমাদের মুরুব্বিরা সতর্ক করে গেছেন। তারপরও পীরসাব চিন্তা করলেন রাষ্ট্রের জন্যে কিছু করা যায় কিনা। কিন্তু তারা আমাদের সাথে পরামর্শ ছাড়া দলে এনসিপিসহ আরো ক'টি দলকে নিয়ে আসলেন। বিষয়টি আমাদেরকে জানায়নি। সে জোট থাকে কীভাবে বলেন?

দৈনিক চাঁদপুর কণ্ঠ : ধরুণ, ২/৩ পার্সেন্ট ভোটের জন্যে ইসলামী দলগুলো সরকার গঠন করতে পারলো না। তখন কি এর দায় নিজেরা নেবেন নাকি অন্যকে দেবেন?

মকবুল হোসাইন : আমরা পারবো না কেন? আমাদের কোনো হার নেই।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনি রাজনীতি করেন। অথচ আপনার বিরুদ্ধে রাজনৈতিক মামলা নেই। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা অস্বাভাবিক মনে হয় কিনা?

মকবুল হোসাইন : আমিতো চুরি করি নাই, ডাকাতি করি নাই, অন্যায় করি নাই। তাহলে কেন আমার বিরুদ্ধে মামলা হবে!

দৈনিক চাঁদপুর কণ্ঠ : সময় দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ?

মকবুল হোসাইন : আপনাকেও ধন্যবাদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়