প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:৫৯
নজরুল চর্চায় শিক্ষার্থীদের উৎসবমুখর আয়োজন
চাঁদপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা

চাঁদপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নজরুলগীতি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৬) শহরের লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চাঁদপুর সংস্কৃতি কেন্দ্রের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানের ভালো ফলাফলের পাশাপাশি পারিবারিক শিক্ষা, ধর্মীয় সংস্কৃতি ও সুশীল আচরণের প্রতি গুরুত্ব দিতে হবে। সন্তানকে কষ্টসহিষ্ণু ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সামর্থ্যের অর্ধেকের বেশি সুযোগ-সুবিধা দেয়া ঠিক নয়।
তিনি আরও বলেন, কোনোভাবেই সন্তানকে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের সুযোগ দেয়া যাবে না। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সন্তানদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর।
ডিসিকে/ এমজেডএইচ








