শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৩

তরপুরচণ্ডীতে বন্ধুমহল ফাউন্ডেশনের ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

অংশ নিচ্ছে ১২টি দল।।চ্যাম্পিয়নদের জন্য মোটরসাইকেল, রানারআপ পাবে ফ্রিজ

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
তরপুরচণ্ডীতে বন্ধুমহল ফাউন্ডেশনের ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সামাজিক সংগঠন ‘তরপুরচণ্ডী বন্ধুমহল ফাউন্ডেশন’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আকর্ষণীয় এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি মোটরসাইকেল এবং রানারআপ দলের জন্য রয়েছে একটি ফ্রিজ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তরপুরচণ্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসান।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি যুবসমাজকে মাদকমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, “মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি, যা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ প্রজন্মকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা চাই খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদক, অনলাইন আসক্তি, কিশোর গ্যাং ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকুক। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল আহসান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, তরপুরচণ্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন খন্দকার, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা সর্দার রফিকুল ইসলাম ও আলমগীর হোসেন বন্দুকশী, তরপুরচণ্ডী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. কামাল সরদার এবং সফিউদ্দিন বন্দুকশীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘ঈগল স্পোর্টিং ক্লাব’ ও ‘একুশে স্পোর্টিং ক্লাব’। টুর্নামেন্টে সর্বমোট ১২টি দল অংশ নিচ্ছে। পুরো প্রতিযোগিতাটি সফলভাবে পরিচালনার দায়িত্বে রয়েছেন মো. সালাউদ্দিন গাজীসহ বন্ধুমহল ফাউন্ডেশনের সদস্যরা।

**টুর্নামেন্টে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য দলসমূহ :**

হোসেনপুর মধ্যপাড়া ফুটবল একাদশ, গাজী স্কুল জেআর স্পোর্টিং ক্লাব, কেএমবি, গাজী স্কুল স্পোর্টিং ক্লাব, সফরমালি ইলেভেন ক্লাব, দাসাদী অগ্নিশিখা ক্লাব, কুয়াশা স্পোর্টিং ক্লাব, বাবুরহাট এফসি, তেঁতুলতলা ইয়ং স্টার ক্লাব, একুশে ক্লাব, বহরদার স্পোর্টিং ক্লাব, আনন্দ ক্লাব, ঈগল স্পোর্টিং ক্লাব, গাজিরহাট স্পোর্টিং ক্লাব, ব্রাদারহুড ফুটবল ক্লাব এবং তেঁতুলতলা স্পোর্টিং ক্লাব।

ক্যাপশন:

তরপুরচণ্ডীতে বন্ধুমহল ফাউন্ডেশন আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন প্রধান অতিথি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসান। ছবি : ইয়াসিন ইকরাম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়