প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০০:১৪
বাবুরহাটে ব্যতিক্রমধর্মী 'সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট'
শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করলেন পুলিশ সুপার

তরুণ প্রজন্মকে সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুর শহরের বাবুরহাটে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট-২০২৬’। 'আজকের সচেতনতা, আগামীর নিরাপত্তা' প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২২ জুন ২০২৬) বিকেলে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
|আরো খবর
তারুণ্যের আলো মুক্ত স্কাউট গ্রুপ, চাঁদপুর এবং মোশারফ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, যিনি আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে সুপরিচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মোশারফ হোসেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ এবং বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উপস্থিতিতে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। পরে সচেতনতামূলক আলোচনা সভায় অগ্নি নিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা, সামাজিক দায়বদ্ধতা, নৈতিক শিক্ষা এবং তরুণদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি ও আধুনিকতার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চাও সমান গুরুত্বপূর্ণ।
নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মানুষের মতো মানুষ হতে হলে সর্বপ্রথম নৈতিকতা অর্জন করতে হবে। ইসলামিক মূল্যবোধ, মানবিক আচরণ, শৃঙ্খলা ও দেশপ্রেম একজন প্রকৃত নাগরিকের প্রধান গুণ।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে মনোযোগী হতে হবে। অগ্নি নিরাপত্তা সম্পর্কে যেমন জানতে হবে, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতন ও দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, বড়োদের সম্মান করা এবং ছোটদের স্নেহ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোশারফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, শিশু-কিশোর ও তরুণরাই জাতির ভবিষ্যৎ। তাদের মধ্যে সচেতনতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আজকের এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা শুধু অগ্নি নিরাপত্তা নয়, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ সম্পর্কেও গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছে। আমি বিশ্বাস করি, বাবুরহাটের তরুণরা তাদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির জন্যে গৌরব বয়ে আনবে।
তিনি আরও বলেন, মোশারফ ফাউন্ডেশন অতীতের মতো ভবিষ্যতেও তরুণদের কল্যাণে কাজ করে যাবে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সবসময় ভূমিকা রাখবে।
ফায়ার ড্রিল প্রদর্শনীতে মুগ্ধ দর্শক
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাস্তবধর্মী ফায়ার ড্রিল প্রদর্শনী। অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয়, কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে হয় এবং জরুরি মুহূর্তে করণীয় কী—এসব বিষয় হাতে-কলমে প্রদর্শন করা হয়।
ফায়ার ড্রিলের বিভিন্ন ধাপ দেখে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহর সৃষ্টি হয়। উপস্থিত অনেকেই জানান, বাস্তবমুখী এ প্রশিক্ষণ তাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে এবং জরুরি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
ব্যাপক অংশগ্রহণ ও প্রশংসা
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে কয়েকশ' শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে। সচেতনতা ও নিরাপত্তা বিষয়ক এমন ব্যতিক্রমী আয়োজন এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া পড়ে।
অনুষ্ঠানে অংশ নেয়া অনেকেই বলেন, তরুণদের নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং নিরাপত্তাবিষয়ক জ্ঞান বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি সময়োপযোগী ও অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তারা ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজনের দাবি জানান।
অনুষ্ঠানে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সচেতন, মানবিক ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে বাবুরহাটে অনুষ্ঠিত ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট-২০২৬’ তরুণ প্রজন্মের জন্যে এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিসিকে /এমজেডএইচ








